সুনামগঞ্জে ঈদের দিনে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত ও একজন আহত হয়েছেন। রোববার দুপুরে সুনামগঞ্জ-দিরাই সড়কের শান্তিগঞ্জ উপজেলার গাগলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাক ইউনিয়নের মুক্তাখাই গ্রামের সাফিকুল ইসলাম (২৮) ও তার বন্ধু সাইদুল ইসলাম। আহত হয়েছেন গুলজার আহমদ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সাফিকুল ইসলাম দুই বন্ধুকে নিয়ে শান্তিগঞ্জ থেকে তাহিরপুরের শিমুল বাগানে যাওয়ার পথে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলের সামনের অংশ ভেঙে যায়।
স্থানীয়রা তাদের উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাফিকুল ইসলামকে মৃত ঘোষণা করেন। সাইদুল ইসলামকে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে পাঠানো হলে পথে তার মৃত্যু হয়। গুলজার আহমদকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সুনামগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আমজাদ হোসেন বলেন, দুর্ঘটনায় তিনজনের মধ্যে হাসপাতালে আসার আগেই একজনের মৃত্যু হয়েছে। আরেকজনকে সিলেট পাঠানো হলে পথে তিনি মারা যান।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. অলি উল্যাহ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে কোনো অভিযোগ পাওয়া যায়নি।
