ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে চুক্তির মেয়াদ শেষ হতে চলেছে ব্রাজিলিয়ান মিডফিল্ডার ক্যাসেমিরোর। তাকে ফ্রি ট্রান্সফারে দলে ভেড়াতে আগ্রহ দেখাচ্ছে ইতালিয়ান ক্লাব ইন্টার মিলান। ক্লাব প্রেসিডেন্ট বেপ্পে মারোত্তা এই সুযোগ হাতছাড়া করতে চাইছেন না।
২০২২ সালে রিয়াল মাদ্রিদ থেকে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেওয়ার পর ক্যাসেমিরো ১৫২ ম্যাচে ২৪ গোল করেছেন এবং দুটি ঘরোয়া কাপ জিতেছেন। তবে প্রিমিয়ার লিগের উচ্চ গতির ফুটবলের সাথে তাল মেলাতে তার কিছুটা সমস্যা হয়েছে।
বর্তমানে ৩৪ বছর বয়সী ক্যাসেমিরোর সাথে ইউনাইটেডের চুক্তির মেয়াদ আগামী জুনে শেষ হচ্ছে। ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম গ্লোবো এসপোর্তের মতে, দুই পক্ষই আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
সম্প্রতি ক্যাসেমিরো তার সাবেক রিয়াল মাদ্রিদ সতীর্থ ও বর্তমানে এসি মিলানের মিডফিল্ডার লুকা মদ্রিচের সাথে দীর্ঘ আলোচনা করেছেন। মাদ্রিদে থাকাকালীন মদ্রিচ-ক্রুস-ক্যাসেমিরো ত্রয়ী ফুটবল ইতিহাসের অন্যতম সেরা মিডফিল্ড হিসেবে পরিচিত ছিল। ধারণা করা হচ্ছে, মিলানে আসার ব্যাপারে মদ্রিচের পরামর্শই ক্যাসেমিরোকে আগ্রহী করেছে।
ইন্টার মিলান প্রেসিডেন্ট বেপ্পে মারোত্তা অভিজ্ঞ খেলোয়াড়দের ফ্রিতে দলে নিতে পছন্দ করেন। তবে ক্যাসেমিরোর বর্তমান বেতন ইন্টারের জন্য চ্যালেঞ্জ তৈরি করেছে। ম্যানচেস্টার ইউনাইটেডে তিনি বছরে প্রায় ১৮ মিলিয়ন ইউরো নিট বেতন পান। ইন্টার তাকে দলে নিতে চাইলে ক্যাসেমিরোকে বড় অঙ্কের বেতন কমাতে হবে।
ফুটবল বিশেষজ্ঞদের মতে, ইতালিতে খেলতে হলে ক্যাসেমিরোকে ২ বছরের চুক্তিতে বছরে ৫ থেকে ৬ মিলিয়ন ইউরো বেতনে রাজি হতে হবে।
