পবিত্র ঈদুল ফিতরের ছুটির পর মঙ্গলবার (২৪ মার্চ) প্রথম কার্যদিবসে প্রধানমন্ত্রী তারেক রহমান টানা প্রায় ১১ ঘণ্টা অফিস করেছেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, তিনি সকাল ৯টা ১ মিনিটে সচিবালয়ে আসেন এবং সন্ধ্যা ৭টা ৫৩ মিনিটে অফিস ত্যাগ করেন।
অফিসে এসেই প্রধানমন্ত্রী বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেন বলে অতিরিক্ত প্রেস সচিব জানান। দিনের শুরুতেই তিনি আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর সঙ্গে বৈঠক করেন। দুপুরে প্রবাসী কল্যাণ, শ্রম ও কর্মসংস্থান বিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেন প্রধানমন্ত্রী।
পরে ঢাকার যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে আরেক জরুরি সভায় সভাপতিত্ব করেন তিনি। বিকেলে সৌজন্য সাক্ষাৎ, বিভিন্ন দাপ্তরিক ফাইল পর্যালোচনা এবং প্রশাসনিক কাজে দিনটি ছিল পুরোপুরি কর্মব্যস্ত।
