বেনাপোলে বাণিজ্য শুরু, ৯শ ট্রাকের চাপ

বেনাপোলে বাণিজ্য শুরু, ৯শ ট্রাকের চাপ

ঈদুল ফিতরের ছুটি শেষে মঙ্গলবার সকাল থেকে যশোরের বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। বন্দর এলাকায় কর্মচাঞ্চল্য ফিরে এসেছে, যেখানে পণ্য খালাসের তৎপরতা দেখা যাচ্ছে।

বর্তমানে ভারতের পেট্রাপোল বন্দর ও বনগাঁ এলাকায় বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় প্রায় ৯শ পণ্যবাহী ট্রাক দাঁড়িয়ে রয়েছে। এর মধ্যে পেট্রাপোলে প্রায় ৬শ ট্রাক এবং বনগাঁয় আরও ৩শটির বেশি ট্রাক অবস্থান করছে।

অপরদিকে ভারতমুখী রপ্তানির জন্য বেনাপোল বন্দরে প্রায় ৫০টি ট্রাক পণ্য নিয়ে অপেক্ষমাণ রয়েছে। দীর্ঘ ছুটির কারণে এই জট তৈরি হলেও উভয় দেশের বন্দর কর্তৃপক্ষের সমন্বিত উদ্যোগের মাধ্যমে দ্রুত এ জট নিরসনের প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

ভারতের পেট্রাপোল ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি শশাঙ্ক শেখর ভট্টাচার্য রাজা জানান, ঈদের ছুটির সময় পণ্যবাহী ট্রাকগুলোর চাপ অনেক বেড়ে যায়। তিনি আশা প্রকাশ করেন, উভয় দেশের কর্মকর্তারা আন্তরিকভাবে কাজ করলে দ্রুতই এ যানজট কমে আসবে।

বেনাপোল কাস্টম হাউজের কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, ঈদের ছুটি শেষে সিএন্ডএফ এজেন্টসহ সংশ্লিষ্ট কর্মীরা কাজে যোগ দেওয়ায় পণ্যের গেট পাস কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ৭১ ট্রাক পণ্য আমদানি এবং ২৬ ট্রাক পণ্য রপ্তানি সম্পন্ন হয়েছে।

বেনাপোল বন্দরের পরিচালক (ট্রাফিক) শামীম হোসেন বলেন, বন্দরের কার্যক্রম পুরোপুরি সচল করতে ইতোমধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি আরও জানান, দুই দেশের বন্দর কর্তৃপক্ষ যদি সমন্বিতভাবে কাজ করে, তাহলে খুব অল্প সময়ের মধ্যেই এই চাপ সামাল দেওয়া সম্ভব হবে।

আরও পড়ুন