মাদক কারবারি সারোয়ারের স্বেচ্ছায় আত্মসমর্পণ

মাদক কারবারি সারোয়ারের স্বেচ্ছায় আত্মসমর্পণ

নারায়ণগঞ্জের বন্দর থানার সোনাকান্দা পানির ট্যাংকি এলাকার চিহ্নিত মাদক কারবারি সারোয়ার হোসেন পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন। তিনি মাদক কারবার না করার অঙ্গীকার করে মুচলেকা দিয়েছেন।

সোমবার বিকাল ৫টায় স্থানীয় পঞ্চায়েত কমিটিকে সঙ্গে নিয়ে তিনি বন্দর থানায় আত্মসমর্পণ করেন। সারোয়ার হোসেন বন্দর থানার ২০নং ওয়ার্ডের সোনাকান্দা পানির ট্যাংকি এলাকার দেলোয়ার হোসেন দেলু মিয়ার ছেলে।

বন্দর থানার ওসি গোলাম মুক্তার আশরাফ উদ্দিন বলেন, মাদককারবারি সারোয়ার হোসেন থানায় আত্মসমর্পণ করে আর মাদক কারবার করবেন না বলে মুচলেকা দিয়েছেন। পরে পরিবারের জিম্মায় তাকে ছেড়ে দেওয়া হয়।

আত্মসমর্পণকারী সারোয়ার বলেন, আমার কারণে আজ আমার পরিবার বিপর্যস্ত। আমি আমার পরিবার এবং আমার ভবিষ্যতের কথা চিন্তা করে অন্ধকার জগত থেকে আলোর জগতে ফিরে আসার জন্য থানায় এসে স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছি।

মুচলেকা প্রদান করার সময় উপস্থিত ছিলেন বন্দর থানা বিএনপি সভাপতি ও নাসিক ২০নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শাহেন শাহ আহাম্মেদ, বন্দর থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আহাম্মদ আলী, আত্মসমর্পণকারীর বাবা দেলোয়ার হোসেন দেলুসহ সোনাকান্দা পঞ্চায়েত কমিটির নেতারা।

নারায়ণগঞ্জের মাদক কারবারিরা তৎপর শীর্ষক প্রতিবেদন যুগান্তরে প্রকাশিত হয়েছিল। ওই প্রতিবেদনে সারোয়ার হোসেনের নাম এসেছিল। বন্দর থানার ২০নং ওয়ার্ডের মাদক কারবারিদের কারণে স্থানীয় এলাকাবাসী চরমভাবে অতিষ্ঠ হয়ে উঠেছিলেন।

আরও পড়ুন