ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার কুল্লাগাছা-ভাতুরিয়া গ্রামে কৃষকদল নেতা আবুল কাশেমকে পিটিয়ে হত্যা করা হয়েছে। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আবুল কাশেম কাপাশহাটিয়া ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সদ্য সমাপ্ত সংসদ নির্বাচনের আগে থেকেই স্থানীয় বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছিল। বুধবার সকালে স্থানীয় জামায়াত নেতা প্রবাসী মোতালেব হোসেনের সন্তান হলে তার ছবি ফেসবুকে পোস্ট করা হয়। সেখানে যুবদল নেতা সাইদুর রহমান বিটু ‘আলহামদুলিল্লাহ’ বলে মন্তব্য করেন।
এই মন্তব্যে নিহত আবুল কাশেমের ভাতিজা লিমন বাজে মন্তব্য করে উত্তর দেন। এ নিয়ে সন্ধ্যায় গ্রামের একটি চায়ের দোকানে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা হয়। এরই একপর্যায়ে আবুল কাশেমকে পিটিয়ে গুরুতর আহত করা হয়। তাকে উদ্ধার করে ঝিনাইদহ জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাহ হোসেন বলেন, নিহতের মরদেহ হাসপাতালের লাশঘরে রাখা হয়েছে। ওই এলাকায় পুনরায় সহিংসতা এড়াতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।
