পাটুরিয়ায় ফেরিতে আগুন, আধাঘণ্টায় নিয়ন্ত্রণ

পাটুরিয়ায় ফেরিতে আগুন, আধাঘণ্টায় নিয়ন্ত্রণ

মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটে ‘কেরামত আলী’ নামের একটি ফেরিতে আগুন লেগেছে। আজ শুক্রবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে এ ঘটনা ঘটে। আধাঘণ্টার মধ্যেই ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ ফেরির সাইলেন্সার পাইপ থেকে আগুনের শিখা বের হতে দেখা যায়। খবর পেয়ে নবগ্রাম ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

ফায়ার সার্ভিসের ওয়ারহাউস ইন্সপেক্টর মো. হাসিবুর রহমান বলেন, ঘটনাটি মূলত ফেরির স্বাভাবিক প্রক্রিয়ার অংশ। তবে আজ আগুনের পরিমাণ তুলনামূলক বেশি ছিল। দ্রুত পদক্ষেপ নেওয়ায় বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক আব্দুস সালাম বলেন, ‘ফেরির ধোঁয়া নির্গমনের লাইনে জমে থাকা কার্বনের কারণে এ ধরনের আগুনের সৃষ্টি হয়, যা প্রযুক্তিগতভাবে অস্বাভাবিক নয়। নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতার মাধ্যমে এটি নিয়ন্ত্রণে রাখা হয়।’

তিনি আরও বলেন, ‘সংস্থার নিজস্ব ব্যবস্থাপনায় হোস পাইপ ব্যবহার করেও আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব ছিল। কার্বন অপসারণের কাজ শেষে অল্প সময়ের মধ্যেই ফেরিটিকে পুনরায় চলাচলের উপযোগী করা হবে। এ ঘটনায় কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।’

আরও পড়ুন