কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর নির্বাচনি এলাকায় চাঁদাবাজির দাবি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওটি ভুয়া বলে প্রমাণিত হয়েছে। ফ্যাক্টচেক প্রতিষ্ঠান রিউমার স্ক্যানারের অনুসন্ধানে এ তথ্য উঠে এসেছে।
ভাইরাল ভিডিওতে দেখা যায়, হাসনাত আব্দুল্লাহ একটি ফোনকলে বলছেন, ‘কোনো চাঁদাবাজি চলবে না দেবিদ্বারে’। এরপর একজন সিএনজি চালককে বলতে শোনা যায়, ‘১৭ বছর গাড়ি চালাইছি, কোনো জিপি-টিপি লাগে না, আমরার চাঁদা নেয় না। এখন হাসনাত ভাইয়ে আসার পরে আমরা ১২০ টাকা কইরা জিপি দিসি।’
রিউমার স্ক্যানারের অনুসন্ধানে উঠে এসেছে, সেই সিএনজি চালক আসলে বলেছিলেন, ‘১৭ বছর গাড়ি চালাইছি, আমরা ১২০ টাকা কইরা জিপি দিসি। এখন হাসনাত ভাইয়ে আসার পরে কোনো জিপি-টিপি লাগে না, আমরার চাঁদা নেয় না।’ অর্থাৎ তার কথাগুলো সম্পাদনা করে ভিডিওতে ব্যবহার করা হয়েছে।
সুতরাং ভাইরাল ভিডিওটিতে চাঁদাবাজির দাবি বানোয়াট ও ভুয়া প্রমাণিত হয়েছে। হাসনাত আব্দুল্লাহ গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় নির্বাচনে কুমিল্লা-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
