কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য জসিম উদ্দীন বলেছেন, মাদক ব্যবসা করতে হলে তার লাশের ওপর পা দিয়ে করতে হবে। তিনি জীবিত থাকতে এর বিরুদ্ধে প্রতিরোধ অব্যাহত রাখবেন এবং মাদকের সঙ্গে আপস করবেন না। প্রয়োজনে জীবন যেতে পারে, কিন্তু তিনি থামবেন না বলে জানান।
শুক্রবার সন্ধ্যায় কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশিমুল ইউনিয়নে কোদালিয়া যুব ও প্রবাসী উন্নয়ন সংগঠন আয়োজিত এক মাদকবিরোধী সভায় তিনি এসব কথা বলেন। জসিম উদ্দীন বলেন, তাকে ভোট দিয়ে সংসদে পাঠানো হয়েছে এবং ঈমানি দায়িত্ব দেওয়া হয়েছে। এই দায়িত্ব পালন করতে গিয়ে মৃত্যু হলেও কোনো আফসোস থাকবে না বলে তিনি উল্লেখ করেন।
মাদক ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, তিনি দেখতে চান মাদক ব্যবসায়ীরা শক্তিশালী নাকি তারা শক্তিশালী। এই ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না। তিনি শুনেছেন কিছু মাদক ব্যবসায়ী সাধারণ মানুষকে হুমকি দিচ্ছেন, তাদের ছাড় দেওয়া হবে না বলে তিনি সতর্ক করেন।
বাকশিমুল ইউনিয়ন বিএনপির সভাপতি জসিম উদ্দিনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক এমদাদুল হক পলাশের সঞ্চালনায় মাদকবিরোধী সভায় উপস্থিত ছিলেন বুড়িচং থানার ওসি মোহাম্মদ লুৎফুর রহমান, বুড়িচং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কবির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মনির, সাইফুল ইসলাম টিপুসহ এলাকার বিভিন্ন শ্রেণিপেশার লোকজন।
