বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন কুমার দাসের মেয়াদ বাড়িয়েছে। শনিবার বিসিবির বোর্ড সভা শেষে সংবাদ সম্মেলনে বিষয়টি জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম।
মিরাজ ২০২৭ পর্যন্ত ওয়ানডে অধিনায়কের দায়িত্ব পালন করবেন। আর লিটনের টি-টোয়েন্টি অধিনায়কত্বের মেয়াদ বেড়েছে ২০২৮ পর্যন্ত। প্রথম দফায় লিটনকে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব দেওয়া হয়েছিল।
মিরাজের ওয়ানডে অধিনায়ক হিসেবে প্রথম দফায় মেয়াদ ছিল এক বছর। গত মাসে পাকিস্তানের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জয়ের পর তার মেয়াদ আবারো বাড়ানো হয়েছে। আগামী বছরের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত তিনি ওয়ানডে দলের দায়িত্ব সামলাবেন।
ওয়ানডে দলের সহ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও টি-টোয়েন্টি দলের সহ অধিনায়ক সাইফ হাসানও একই সময় পর্যন্ত দায়িত্ব পালন করবেন।
