ইতিহাদ স্টেডিয়ামে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ৪-০ গোলে পরাজিত হয়েছে লিভারপুল। এফএ কাপের কোয়ার্টার ফাইনালে প্রথমার্ধে আট মিনিটের মধ্যে দুটি গোল হজম করে দল। দ্বিতীয়ার্ধে পরের দুটি গোলও এসেছে সাত মিনিটের মধ্যে। ৩৯ থেকে ৫৭ মিনিটে সবগুলো গোল হয়েছে।
কোচ আর্নে স্লট বলেন, ‘ওই ২০ মিনিটে, চার গোল হজমের সময় আমরা যেভাবে রক্ষণভাগ সামলেছি, সেটা একদমই ভালো ছিল না।’ তিনি আরও বলেন, ‘সবকিছুর প্রভাব ছিল। আমার মতে সবার আগে প্রচেষ্টার ব্যাপারটি আসে। আমাদের উচিত ছিল তাদের জন্য কাজটা আরও কঠিন করে তোলা, কারণ তারা এমনিতেই অনেক দক্ষ খেলোয়াড়।’
স্লট বলেন, ‘দ্বিতীয়ার্ধের পরের ১০ মিনিটে আমাদের মাঝে লড়াই করার মানসিকতার নিশ্চিতভাবেই অভাব ছিল। এরপর ম্যাচটি এমন এক পর্যায়ে পৌঁছায়, যেখানে দুই দলই ৪-০ ফলাফল মেনে নিয়েছিল।’ তিনি উল্লেখ করেন, ‘ওই ১০-১৫ মিনিটের সময়ে আমাদের ডুয়েল জেতার, সবার আগে বলের কাছে পৌঁছানো বা প্রতিপক্ষকে কঠিন চ্যালেঞ্জ জানানোর ইচ্ছাশক্তি— সবকিছুতেই ঘাটতি ছিল। বুধবারের ম্যাচে এই জায়গাগুলোতে আমাদের অবশ্যই উন্নতি করতে হবে।’
