ব্রাজিলিয়ান মিডফিল্ডার অস্কার ডস সান্তোস মাত্র ৩৪ বছর বয়সে ফুটবল থেকে অবসর নিচ্ছেন বলে জানিয়েছে ব্রাজিলিয়ান ক্লাব সাও পাওলো। গত নভেম্বরে হৃদরোগজনিত জটিলতায় মারাত্মক অসুস্থ হওয়ার পর তার ক্যারিয়ারের ভবিষ্যত নিয়ে আলোচনা শুরু হয়েছিল।
সাও পাওলোর সঙ্গে ২০২৭ সাল পর্যন্ত চুক্তি থাকলেও চলতি সপ্তাহেই তিনি তা শেষ করবেন। ভাসোভাগাল সিনকোপে আক্রান্ত হওয়ার পর আর খেলেননি অস্কার, ওই সময় তার সার্জারিও করতে হয়েছিল। নভেম্বরে ক্লাবের ট্রেনিং সেন্টারে ফিটনেস পরীক্ষার সময় তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন।
২০২৪ সালের শেষদিকে ফ্রি এজেন্ট হিসেবে চীন অধ্যায় শেষে শৈশবের ক্লাব সাও পাওলোতে ফিরেছিলেন অস্কার। ক্লাবের বিবৃতিতে তিনি গতকাল জানিয়েছেন, ‘সাও পাওলোর জন্য আমি আরও বেশি কিছু করতে চেয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত এই পরিস্থিতিতে পড়ি। এখন আমি অবসরে যাচ্ছি এবং সাও পাওলোকে একজন ভক্ত হিসেবে সমর্থন করে যাব।’
ক্লাব ফুটবলে অস্কার ইংলিশ প্রিমিয়ার লিগের চেলসিতে উপভোগ্য সময় কাটিয়েছেন। ২০১২ সালে যোগ দেওয়ার পর তিনি একটি ইউরোপা লিগ ও দু’বার প্রিমিয়ার লিগ টাইটেল জেতেন। ২০১৬-১৭ মৌসুমের মাঝপথে ৭৩ মিলিয়ন ডলারে চাইনিজ ক্লাবে যোগ দেন তিনি।
সেখানে তিনটি সুপার লিগ শিরোপাজয়ী অস্কার এশিয়ান ফুটবলের অন্যতম জনপ্রিয় খেলোয়াড়ে পরিণত হন। ব্রাজিল জাতীয় দলে ২০১৫ সালের পর তাকে আর দেখা যায়নি, তবে তিনি ব্রাজিলের হয়ে ৪৮টি আন্তর্জাতিক ম্যাচে ১২ গোল করেছেন।
