ব্যাংকের চেক নিষ্পত্তি ও অফিস সময়ে নতুন সময়সূচি

ব্যাংকের চেক নিষ্পত্তি ও অফিস সময়ে নতুন সময়সূচি

ব্যাংকের চেক নিষ্পত্তি ও অফিস কার্যক্রমে নতুন সময়সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। রোববার কেন্দ্রীয় ব্যাংক এ তথ্য জানিয়েছে। ৪ এপ্রিল বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট-২ থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট (আরটিজিএস), বাংলাদেশ অটোমেটেড ক্লিয়ারিং হাউজ (বিএসিএইচ) এবং বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ডস ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) প্ল্যাটফর্মের কার্যক্রম নতুন সময়সূচি অনুযায়ী চলবে। বিএসিএইচ-এর মাধ্যমে হাই ভ্যালু চেক (৫ লাখ টাকার বেশি) ক্লিয়ারিংয়ের জন্য বেলা ১২টার মধ্যে পাঠাতে হবে এবং দুপুর ২টার মধ্যে নিষ্পত্তি হবে। রেগুলার ভ্যালু চেক (৫ লাখ টাকার কম) সকাল সাড়ে ১২টার মধ্যে পাঠাতে হবে এবং বিকেল ৪টার মধ্যে নিষ্পত্তি হবে।

আরটিজিএস-এর লেনদেন সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত হবে। অনলাইনে গ্রাহক লেনদেন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এবং আন্তঃব্যাংক ফান্ড ট্রান্সফার ও রিটার্ন লেনদেন বিকেল ৪টা ১৫ মিনিট পর্যন্ত পরিশোধ করা যাবে। বিইএফটিএন সেবা আগের নিয়মে চলবে বলে নির্দেশনায় বলা হয়েছে।

জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ে ব্যাংক ও ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের (এনবিএফআই) অফিস সময় এক ঘণ্টা কমিয়ে নতুন সময়সূচি ঘোষণা করা হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী, ব্যাংকে লেনদেন সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলবে। ব্যাংকের অফিস সময় সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এবং আর্থিক প্রতিষ্ঠান সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকবে।

বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে দেশে চলমান জ্বালানি সংকটের পরিপ্রেক্ষিতে সরকারি-বেসরকারি সব অফিসের নতুন সময়সীমা নির্ধারণ করা হয়েছে। রোববার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী অফিস সময় ১ ঘণ্টা কমিয়ে ৭ ঘণ্টা নির্ধারণ করা হয়েছে। সরকারি-বেসরকারি সব অফিস সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে। এছাড়া সন্ধ্যা ৬টা পর শপিংমল ও দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং বিয়ে বাড়িতে আলোক সজ্জা বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

আরও পড়ুন