রিশাদদের হারের হ্যাটট্রিক, যে ব্যাখ্যা দিলেন অধিনায়ক রিজওয়ান

রিশাদদের হারের হ্যাটট্রিক, যে ব্যাখ্যা দিলেন অধিনায়ক রিজওয়ান

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) চলমান আসরে অভিষেক হওয়া রাওয়ালপিন্ডিজ এখন পর্যন্ত তিনটি ম্যাচ খেলেও জয়ের দেখা পায়নি। দলের জার্সিতে বাংলাদেশের লেগস্পিন অলরাউন্ডার রিশাদ হোসেনও আলো ছড়াতে ব্যর্থ হয়েছেন। টানা তিন হারে পিএসএলে যাত্রা শুরুর পেছনে ক্রিকেটারদের চোট ও ধারাবাহিকতার অভাব দেখছেন অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান।

গতকাল শনিবার নিজেদের তৃতীয় ম্যাচে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ইসলামাবাদ ইউনাইটেডকে ১৫৭ রানের লক্ষ্য দেয় রাওয়ালপিন্ডিজ। ইসলামাবাদ ৩৪ বল এবং ৭ উইকেট হাতে রেখে লক্ষ্য পেরিয়ে যায়। আগের দুই ম্যাচে রাওয়ালপিন্ডিজ ১৯৮ রানের লক্ষ্য দিয়ে করাচি কিংস এবং ২১৫ রানের লক্ষ্য দিয়ে পেশোয়ার জালমির কাছে পরাজিত হয়েছিল।

টানা তৃতীয় হারের পর রিজওয়ান বলেছেন, ‘তিন ম্যাচের সবকটিতে হার হজম করা কঠিন, কোনো দলই হারতে চায় না। শেষ দুই ম্যাচে আমাদের ব্যাটিং ঠিক ছিল, কিন্তু আজ পাওয়ার প্লে পরিকল্পনা অনুযায়ী হয়নি। প্রতিপক্ষ দলকে এর কৃতিত্ব দিতে হবে। পাওয়ারপ্লের শুরুতে তারা সুইং বোলিংয়ে উইকেট তুলে নিয়ে আসল ক্ষতিটা করেছে, সে কারণে সম্ভবত ২০-৩০ রান কম উঠেছে স্কোরবোর্ডে।’

একটি জয়ই পুরো মোমেন্টাম বদলে দিতে পারে বলে দাবি করেছেন রিজওয়ান। তিনি বলেন, ‘তিন ম্যাচ শেষ এবং সুনির্দিষ্ট কারণ খুঁজে বের করা সহজ নয়। কারণ যখন একটি জায়গা পূরণ করা হয়, অন্য জায়গায় সমস্যা দেখা দেয়। তাই আমাদের সত্যিকার অর্থে একটি জয় প্রয়োজন, যা মোমেন্টাম বদলে দিতে পারে এবং সবকিছু ঠিকঠাক হতে শুরু করবে। আমরা নিজেদের ভুলগুলো নিয়ে কাজ করছি, যেমন সর্বশেষ ম্যাচে ব্যাটিং গভীরতা কাজে এসেছে, কিন্তু আজ অন্যভাবে সমন্বয় করা লাগত। এই মুহূর্তে সাহসের সঙ্গে ঘুরে দাঁড়াতে হবে, চ্যাম্পিয়ন দলের কাজই এটা।’

কেবল ব্যাটিংই নয়, বোলিং নিয়ে ভাবতে হচ্ছে রাওয়ালপিন্ডিকে। ১৯০ রানের বেশি পুঁজি থাকা সত্ত্বেও দলকে জয়ের পথে নিতে পারছেন না বোলাররা। এজন্য জামান খান ও নাসিম শাহ’র মতো পেসারের ইনজুরিকে কারণ বলে মনে করেন রিজওয়ান। তিনি বলেন, ‘আমাদের অভিজ্ঞ ক্রিকেটাররা ডাগআউটে আছে, প্রতিপক্ষ দল অনুযায়ী আমাদের একাদশে পরিবর্তন আনতে হচ্ছে। প্রধান ক্রিকেটারদের ইনজুরি আমাদের ভারসাম্য নষ্ট করেছে। আমরা এটিকে অজুহাত বানাতে চাই না। মানিয়ে নিয়ে খেলতে হবে।’

ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে বেশ ভালো ফর্ম দেখিয়ে এবার পিএসএলের নতুন ফ্র্যাঞ্চাইজি রাওয়ালপিন্ডিতে নাম লেখান রিশাদ হোসেন। তবে চলমান আসরে তিনি নামের প্রতি ঠিক সুবিচার করতে পারছেন না। গতকালের ম্যাচে ১ উইকেট নিলেও ৩ ওভারে ৩৬ রান খরচ করেছেন রিশাদ। এর আগের দুই ম্যাচে তার বোলিং ফিগার ছিল ৪ ওভারে ৩৮/০ এবং ৪ ওভারে ৩৫/১।

আরও পড়ুন