নারায়ণগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ

নারায়ণগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ে বিএনপির দুই গ্রুপের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওই এলাকায় উচ্ছেদ অভিযান চলাকালে এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ শুরু হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করা হয়।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, সকালে সড়ক ও জনপদ বিভাগের পূর্বনির্ধারিত উচ্ছেদ অভিযান শুরুর আগে এলাকায় উত্তেজনা তৈরি হয়। এ সময় নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবির ছেলে যুবদল নেতা রিয়াজুল ইসলাম রিনাজ, রতন ও রানাসহ ১০ থেকে ১৫ জনের একটি দল শিমরাইল মোড় এলাকায় অবস্থান নিয়ে মহড়া দিচ্ছিল।

একপর্যায়ে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সহ সভাপতি আব্দুল কাদির গ্রুপের জিহাদ ও রবিনসহ ১০ থেকে ১২ জনের সঙ্গে তাদের বাগবিতণ্ডা শুরু হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয় এবং দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া ও উত্তেজনা তৈরি হয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।

সংঘর্ষ আরও ছড়িয়ে পড়লে পুলিশ লাঠিচার্জ করে উভয়পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহম্মদ আব্দুল বারিক বলেন, শিমরাইল মোড়ে উচ্ছেদ অভিযান চলাকালে বিএনপির সমর্থক দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

তিনি জানান, এ ঘটনাটি উচ্ছেদ অভিযান বা ফুটপাত দখলকে কেন্দ্র করে হয়নি। প্রাথমিকভাবে জানা গেছে, মূলত মাইক্রোবাস স্ট্যান্ডে আধিপত্য ও নিয়ন্ত্রণকে কেন্দ্র করেই দুই গ্রুপের মধ্যে এই মারামারির সূত্রপাত হয়। ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। এর আগে, শিমরাইল মোড়ে অবৈধ দখলদার ও হকারদের উচ্ছেদে অভিযান শুরু করে সড়ক ও জনপদ বিভাগ। অভিযানে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার শমিত রাজা ও মাহমুদুল হাসান।

আরও পড়ুন