বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর সম্প্রতি একটি পডকাস্টে নিজের স্কুলজীবনের একটি দুর্ভাগ্যজনক অভিজ্ঞতা শেয়ার করেছেন। মাত্র ১৫ বছর বয়সে, যখন তিনি স্কুলের ছাত্রী ছিলেন, তখন পর্ন সাইটে তার ছবি অপব্যবহারের ঘটনা ঘটে।
জাহ্নবী বলেন, ‘ওটা আমার ডিপফেক ছিল কি না, এখনও জানি না। তবে এটুকু বুঝেছিলাম খুব খারাপ কিছু একটা হতে চলেছে। নিজের ছবি দেখেছিলাম পর্ন সাইটে। একজন স্কুলের ছাত্রী হিসেবে এটা মেনে নেওয়া কঠিন। সেই দৃশ্য দেখে শরীর কেঁপে উঠেছিল।’
তিনি আরও জানান, একদিন লক্ষ্য করেন স্কুলের ছেলেরাই পর্ন সাইটে তার সেই ছবিগুলো দেখছে এবং মজা করছে। নিজের সেই বিকৃত ছবিগুলো দেখে স্তব্ধ হয়ে গিয়েছিলেন তিনি। সেই মুহূর্তটি তার জীবনকে পুরোপুরি বদলে দিয়েছিল।
অভিনেত্রীর ভাষ্যমতে, ‘ওই একটি ঘটনা আমার চারপাশের সবকিছু ওলটপালট করে দিয়েছিল। তখন মনে হয়েছিল, সোশ্যাল মিডিয়ায় থাকাটাই যেন এক অভিশাপ। আমি বোধহয় তারই মাশুল দিচ্ছিলাম।’
বর্তমান সময়ে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহারে তৈরি ‘ডিপফেক’ কন্টেন্ট নিয়েও জাহ্নবী উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, ‘আমি এখনো পুরোপুরি নিশ্চিন্ত হতে পারি না। এআই দিয়ে মাঝেমধ্যেই নানা ধরনের ছবি তৈরি করা হয়। এমন সব পোশাক আমাকে পরানো হয় যা আমি বাস্তবে কখনো দেখিইনি। মূলত ওই ছবিগুলো ব্যবহার করেই নেতিবাচক কিছু প্রতিস্থাপন করা হয়।’
