নড়াইলের কালিয়া উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে বীর মুক্তিযোদ্ধা কৃষ্ণপদ আর্চয্যকে (৭৩) কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ উঠেছে। অভিযুক্তরা হলেন আশিকুর রহমান সুমন (৪০), আকিবুর রহমান মিলন (৩৭) ও মাহিদুল শেখ (৩৫)।
রোববার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ছোট কালিয়া গ্রামের সাইদের দোকানের সামনে এ ঘটনা ঘটে। আহত কৃষ্ণপদ আর্চয্য ছোট কালিয়া গ্রামের মৃত সন্তোষ আর্চয্যের ছেলে। অভিযুক্তরা একই গ্রামের আশিকুর রহমান সুমন, আকিবুর রহমান মিলন ওলিয়ার রহমানের ছেলে ও মাহিদুল শেখ ফজর শেখের ছেলে।
স্থানীয়রা জানান, কৃষ্ণপদ কালিয়া বাজার থেকে বাড়ি ফিরছিলেন। সাইদের দোকানের সামনে পৌঁছালে সুমন, মিলন ও মাহিদুল তার উপর অতর্কিত হামলা চালিয়ে তাকে মাথায় হাতে-পায়ে কুপিয়ে ও পিটিয়ে আহত করে। পরে তাকে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় এবং শারীরিক অবস্থার অবনতিতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
হাসপাতালে চিকিৎসাধীন কৃষ্ণপদ আর্চয্য বলেন, মনশা মন্দিরের জমি ও তার পৈতৃক জমি নিয়ে প্রতিবেশী ফজর শেখ ও ওলিয়ার রহমানের সাথে মামলা চলছিল। এ মামলার জের ধরে তাকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে জখম করা হয়েছে। তিনি অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করবেন বলে জানান।
কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইদ্রিস আলী ঘটনাটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং দোষীদের ধরতে অভিযান চলছে। অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।
