শামির ক্ষোভ: ‘আমি যন্ত্র নই’, ভারতীয় দলে ডাক নেই

শামির ক্ষোভ: ‘আমি যন্ত্র নই’, ভারতীয় দলে ডাক নেই

ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেললেও দীর্ঘদিন ভারতীয় দলে নেই মোহাম্মদ শামি। আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে লখনৌয়ের জয়ের পর তিনি ক্ষোভ প্রকাশ করেছেন। নাম না করে তার নিশানায় ভারতের নির্বাচক এবং কোচ। শামি জানিয়েছেন, তিনি যন্ত্র নন।

গতকাল রোববার হায়দরাবাদের বিরুদ্ধে ৪ ওভারে ৯ রানে ২ উইকেট নিয়েছেন তিনি। আউট করেছেন ট্র্যাভিস হেড ও অভিষেক শর্মাকে। ম্যাচের পর শামি বলেছেন, খেলতে চাইলে খেলাটার কাছাকাছি থাকা খুব দরকার। আপনি ফিট থাকতে তবেই দক্ষতা নিয়ে কাজ করতে পারবেন। সে কারণেই আমি খেলাটার কাছাকাছি থাকতে চেয়েছি এবং ঘরোয়া ক্রিকেটে সব ম্যাচ খেলেছি।

চোট সারানোর পর গত বছর হায়দরাবাদের হয়ে আইপিএল ভালো যায়নি শামির। ৯ ম্যাচে মাত্র ৬ উইকেট পেয়েছিলেন। প্রতি ওভারে দিয়েছিলেন ১১.২৩ রান। এবার তিনি ভালো ফর্মে। শামির জবাব, আমি তো যন্ত্র নই। মৌসুমে উত্থান-পতন থাকতে পারে। গত কয়েক বছর ধরে ভালো খেলছি। লোকে দেখেনি সেটা আলাদা বিষয়। কিন্তু আমি সব সময় ভালো খেলতে চাই।

লখনৌ দল এবং তাদের বোলিং কোচ ভরত অরুণকে কৃতিত্ব দিয়েছেন শামি। বলেছেন, ভরত ভাইয়ের সঙ্গে আগে ভারতীয় দলে অনেক দিন কাজ করেছি। আমাদের বন্ধন খুব ভালো। একে অপরকে ভালো বুঝতে পারি। এই বন্ধনটা খুব দরকার। লখনৌয়ের ব্যাপারে বলতে পারি, এটা আমার দ্বিতীয় বাড়ি। তাই মানিয়ে নিতে সময় লাগেনি।

শামি জানিয়েছেন, তিনি নিজের পরিশ্রম এবং দক্ষতার ওপর ভরসা রাখেন। বাকি বিষয়ে তার কোনও মাথাব্যথা নেই। ভারতীয় এই পেসারের কথায়, আমি শুধু পরিশ্রম করি। বাকিটা উপরওয়ালা দেখে নেবেন। আইপিএল হোক বা অন্য মঞ্চ, দক্ষতা নিয়ে পরিশ্রম করতেই হবে। নতুন বল এবং পুরনো বলে আপনি কতটা পরিশ্রম করছেন তার ওপর অনেক কিছু নির্ভর করে। আমি নতুন বলের শক্তি বরাবর কাজে লাগাতে চাই। কীভাবে দলের কাজে লাগতে পারি সেটা ভাবি।

আরও পড়ুন