‘বল ছাদে পাঠানো ছিলো ভীষণ মজার’, দানবীয় ইনিংসের পর ডেভিড

‘বল ছাদে পাঠানো ছিলো ভীষণ মজার’, দানবীয় ইনিংসের পর ডেভিড

এম চিন্নাস্বামী স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ম্যাচে অস্ট্রেলিয়ান ক্রিকেটার টিম ডেভিড ২৫ বলে ৭০ রানের এক বিধ্বংসী ইনিংস খেলেন। ম্যাচের এক পর্যায়ে তিনি ১০৬ মিটারের এক বিশাল ছক্কা মেরে বল স্টেডিয়ামের ছাদে পাঠান, যা দর্শকদের মধ্যে বিস্ময় সৃষ্টি করে।

ম্যাচ শেষে ডেভিড বলেন, ‘অনুশীলনের সময় এই ছাদ লক্ষ্য করে মারতে গিয়ে সতীর্থদের সঙ্গে প্রায়ই আমার ঝামেলা লাগে। আমাদের মধ্যে ছোটখাটো একটা কম্পিটিশন হয় কে ছাদে বল পাঠাতে পারে। কাল ম্যাচের মধ্যে একদম ব্যাটের মাঝখান দিয়ে বল লাগিয়ে সেটাকে ছাদে পাঠিয়ে বেশ মজা হয়েছে।’

ডেভিডের এই ইনিংসে রজত পাতিদারের ১৯ বলে ৪৮ রানের ক্যামিও অবদান রেখেছে। ডেভিডের ভাষায়, ‘রজত অবিশ্বাস্য ব্যাটিং করছিল। ওর আক্রমণাত্মক মেজাজ আমাকে থিতু হওয়ার সুযোগ করে দেয়। এর ফলে আমরা বড় স্কোর গড়তে পেরেছি এবং প্রতিপক্ষের ওপর চাপ সৃষ্টি করতে পেরেছি।’

ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু চেন্নাইকে ৪৩ রানে হারালেও, ডেভিডের ১০৬ মিটারের ছক্কাটি ক্রিকেটপ্রেমীদের মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।

আরও পড়ুন