সরকারি দলের চেয়েও বেশি শক্তিশালী জুলাই যোদ্ধারা

সরকারি দলের চেয়েও বেশি শক্তিশালী জুলাই যোদ্ধারা

বাংলাদেশ ছাত্রপক্ষের সাধারণ সম্পাদক ব্যারিস্টার মোহাম্মদ আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, জুলাই আন্দোলনের যোদ্ধারা সরকারি দলের চেয়ে বেশি শক্তিশালী। তিনি বলেন, ‘জুলাই আন্দোলন আমাদের বাঁচতে শিখিয়েছে। সরকার যতই শক্তিশালী হোক না কেন সরকারি দলের থেকে তোমরা বেশি শক্তিশালী। কেননা তোমরা হলে ২৪ এর যোদ্ধা, তোমাদের কেউ দমাতে পারবে না।’

সোমবার বিশ্ববিদ্যালয়ের টিএসসি লাউঞ্জ প্রাঙ্গণে ‘জুলাই সনদ বাস্তবায়নে ছাত্রসমাজের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব মন্তব্য করেন। ফুয়াদ বলেন, জুলাই আন্দোলন কোনো হঠাৎ সৃষ্ট ঘটনা নয়, বরং দীর্ঘদিনের জমে থাকা অসন্তোষ, বৈষম্য, বঞ্চনা এবং ক্ষমতার কেন্দ্রীকরণের বিরুদ্ধে মানুষের অন্তর্গত প্রতিবাদের বহিঃপ্রকাশ।

তিনি উল্লেখ করেন, এই আন্দোলন সংগঠিত হলেও কেন্দ্রীয় নেতৃত্ব নির্ভর নয়, যেখানে প্রত্যেক অংশগ্রহণকারী নিজেকে নেতা এবং দায়বদ্ধ নাগরিক হিসেবে ভাবছে। তিনি বলেন, ‘সরকারি দলের থেকে তোমরা বেশি শক্তিশালী’—এটি শুধু সংখ্যার বিচারে নয়, মনোবল, ঐক্য এবং নৈতিক অবস্থানের শক্তির প্রতিফলন।

ফুয়াদ আরও বলেন, রাজনৈতিক দলগুলোর শক্তি মূলত সংগঠন, অর্থ ও ক্ষমতার ওপর নির্ভরশীল, কিন্তু জুলাই আন্দোলনের শক্তি এসেছে মানুষের হৃদয় থেকে। এখানে ব্যক্তিগত স্বার্থের কোনো স্থান নেই; বরং রয়েছে ন্যায়বিচার, সমতা এবং একটি স্বচ্ছ রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার সম্মিলিত স্বপ্ন।

শেষে তিনি বলেন, জুলাই আন্দোলন আমাদের শিক্ষা দিয়েছে যে ক্ষমতা সবসময় ক্ষমতাসীনদের হাতেই থাকে না, কখনো কখনো তা সাধারণ মানুষের হাতেও চলে আসে যখন তারা ঐক্যবদ্ধ হয়ে দাঁড়াতে শেখে। এই মুহূর্তেই জন্ম নেয় প্রকৃত শক্তি, যা কোনো সরকারি দলের শক্তিকেও অতিক্রম করতে সক্ষম।

এ সময় ছাত্র পক্ষের রাবি শাখার আহ্বায়ক মো. গোলাম মোস্তফাসহ দলটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন