যে কারণে ট্রাইব্যুনালে আনা হলো না সাবেক দুই লেফটেন্যান্ট জেনারেলকে

যে কারণে ট্রাইব্যুনালে আনা হলো না সাবেক দুই লেফটেন্যান্ট জেনারেলকে

মানবতাবিরোধী অপরাধের পৃথক মামলায় সাবেক দুই লেফটেন্যান্ট জেনারেলকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজিরের দিন ধার্য ছিল মঙ্গলবার। তবে অন্য মামলায় রিমান্ডে থাকায় তাদের হাজির করা হয়নি।

চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম মঙ্গলবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন। প্রসিকিউশন জানায়, সাবেক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদ ও লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকে হাজিরের জন্য আজকের দিন নির্ধারণ ছিল।

গত ২৯ মার্চ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বিচারিক প্যানেল এ দিন ধার্য করেন। মানবপাচার আইনে রাজধানীর পল্টন থানায় করা মামলায় মাসুদ উদ্দিনকে তৃতীয় দফায় তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

গত ৪ এপ্রিল ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলমের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন। এছাড়া মিরপুর মডেল থানায় করা হত্যা মামলায় মামুন খালেদকেও তিনদিনের রিমান্ডে নেওয়া হয়।

গত ২৩ মার্চ রাতে ঢাকার নিজ বাসা থেকে মাসুদ উদ্দিনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। তিনি এক-এগারোর অন্যতম প্রধান কুশীলব হিসেবে পরিচিত। ২৫ মার্চ রাতে মিরপুরের ডিওএইচএসের বাসা থেকে গ্রেপ্তার হন মামুন খালেদ।

আরও পড়ুন