জ্বালানি সংকট নিয়ে ফেসবুকে মন্তব্য করায় সাওদা সুমি নামে এক নারীকে গ্রেপ্তারের ঘটনায় জাতীয় সংসদে উত্তপ্ত আলোচনা হয়েছে। বিরোধী দলীয় সংসদ সদস্য রফিকুল ইসলাম খান আজকের মধ্যেই তার মুক্তি ও মামলা প্রত্যাহারের আল্টিমেটাম দিয়েছেন।
মঙ্গলবার সংসদের ত্রয়োদশ অধিবেশনের অষ্টম দিনে অনির্ধারিত আলোচনায় রফিকুল ইসলাম খান বলেন, সাওদা সুমি ফেসবুক স্ট্যাটাস শেয়ার করায় পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। তিনি বলেন, উপরের নির্দেশে এই গ্রেপ্তার ও মামলা দেওয়া হয়েছে। তিনি প্রশ্ন তোলেন, উপরের নির্দেশ বলতে কাকে বুঝানো হয়েছে।
রফিকুল ইসলাম খান স্পিকারের মাধ্যমে সরকারের কাছে আহ্বান জানান, আজকের অফিস টাইমের মধ্যেই ওই নারীকে মুক্তি দিতে হবে এবং মামলা প্রত্যাহার করতে হবে। তিনি বলেন, এই গ্রেপ্তারের মধ্য দিয়ে ফ্যাসিবাদী সরকারের পূর্বাভাস পাওয়া যায়। তিনি জিজ্ঞাসা করেন, এ সরকার তো গণতান্ত্রিক সরকার, তাহলে মানুষ কি কথা বলতে পারবে না?
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম জবাবে বলেন, এটি পয়েন্ট অব অর্ডার রূপে গৃহীত হলো না। তবে যেহেতু বিরোধীদলীয় নেতা বিষয়টি বলেছেন এবং তার সঙ্গে যোগাযোগ করেছেন, তিনি সমস্যা সমাধানের চেষ্টা করছেন। তিনি বলেন, সংসদে বসে বাইরের রাজপথের মতো আল্টিমেটাম দেওয়া ঠিক নয়। প্রয়োজনে প্রস্তাব আকারে নিয়ে আসা উচিত।
স্পিকার আরও বলেন, ফেসবুকে প্রতিদিন অনেকেই সরকারকে নিয়ে নানা মন্তব্য করে, সবকিছু আমলে নিলে সংসদ অন্য কাজ করতে পারবে না। তবুও বিষয়টি যেহেতু বিরোধী দলীয় নেতা জানিয়েছেন, তারা তা খেয়াল করছেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেবেন।
