জামায়াতের নারী কর্মী বিবি সাওদার জামিন মঞ্জুর

জামায়াতের নারী কর্মী বিবি সাওদার জামিন মঞ্জুর

ভোলায় গ্রেপ্তার হওয়া জামায়াতে ইসলামীর নারী কর্মী বিবি সাওদার জামিন মঞ্জুর হয়েছে। মঙ্গলবার দুপুরে ভোলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তার জামিন আবেদন মঞ্জুর করেন। জামায়াতে ইসলামীর ভোলা জেলা সেক্রেটারি কাজী মাওলানা হারুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

গত রোববার রাতে ভোলা সদর পৌরসভার ৬নং ওয়ার্ডের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি আব্দুল হালিম বাবুলের স্ত্রী। সোমবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায় পুলিশ। মঙ্গলবার দুপুরে আদালতে তোলা হলে তার জামিন আবেদন করা হয় এবং আদালত তা মঞ্জুর করেন।

গ্রেপ্তারের আগে বিবি সাওদা তার ফেসবুক আইডিতে ‘Sawoda Sumi’ নামে পোস্টে লিখেন, ‘আমরা তো চাইলে ইরান থেকে তেল আনতে পারি তারা তো অনুমতি দিছে’, ‘তাহলে দুই তিন গুণ বেশি টাকা দিয়ে কেন ভারত থেকে তেল আনা লাগবে?’। তাকে অন্যান্য পোস্টেও বিভিন্ন সময় সরকারের সমালোচনা করতে দেখা গেছে।

মামলার এজাহারে পুলিশ উল্লেখ করে, বিবি সাওদা তার ফেসবুক আইডিতে রাষ্ট্র ও সরকারবিরোধী পোস্ট করায় তাকে গ্রেপ্তার করে ভোলা জেলা পুলিশের সাইবার ক্রাইম ইউনিট। তার মোবাইল ফোন জব্দ করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তিনি ফেসবুক পোস্টের সত্যতা স্বীকার করে জানান, ফেসবুকের ভিউ বৃদ্ধির জন্য সমসাময়িক ও সরকারি রাজনীতি, রাষ্ট্র ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সম্পর্কে পোস্ট করেছেন। তিনি সাইবার সুরক্ষা নেট অধ্যাদেশ ২০২৫ এ শাস্তিযোগ্য অপরাধের সাথে জড়িত।

তার মোবাইল ফোনের ফেসবুক পোস্ট পর্যালোচনা করে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ সম্ভব না হওয়ায় তাকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় আদালতে সোপর্দ করা হয়। পরবর্তী কার্যক্রম অনুসরণ পূর্বক ব্যবস্থা গ্রহণ পর্যন্ত তাকে জেলহাজতে আটক রাখার জন্য আদালতে আবেদন করে পুলিশ।

আরও পড়ুন