শ্রমিকদের সরিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করল পুলিশ

শ্রমিকদের সরিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করল পুলিশ

বকেয়া বেতনের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধকারী নাসা গ্রুপের শ্রমিকদের পুলিশ বলপ্রয়োগ করে সরিয়ে দিয়েছে। মঙ্গলবার দুপুর ১২টার দিকে এই ঘটনা ঘটে, যার ফলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।

স্থানীয়রা জানান, সকাল ১০টার দিকে কুমিল্লা ইপিজেডের নাসা গ্রুপের শতাধিক শ্রমিক বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করেন। প্রায় দুই ঘণ্টা ধরে এই অবরোধের ফলে মহাসড়কে ১০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।

জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা শ্রমিকদের মহাসড়ক থেকে সরে যেতে অনুরোধ করেন, কিন্তু তারা না শুনলে পুলিশ বলপ্রয়োগ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। পুলিশের কঠোর অবস্থানের পর শ্রমিকরা মহাসড়ক ত্যাগ করেন, তবে এখনো মহাসড়কের পাশেই অবস্থান করছেন।

ময়নামতি হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আ. মমিন বলেন, মহাসড়ক অবরোধের পর আমরা শ্রমিকদের সঙ্গে দফায় দফায় কথা বলেছি এবং মহাসড়ক থেকে অবরোধ তুলে নেওয়ার জন্য অনুরোধ করি। তারা না শুনলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সামান্য বলপ্রয়োগ করে তাদের সরিয়ে দেওয়া হয়েছে। এখন মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত আছে।

নাসা গ্রুপের ৫টি প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ায় শত শত শ্রমিক বেকার হয়ে পড়েন এবং দীর্ঘদিন তাদের ৫ মাসের বকেয়া বেতন পরিশোধ করা হয়নি। শ্রমিকরা মহাসড়কের পাশে অবস্থান করছেন এবং আবার যে কোনো সময় মহাসড়কে উঠে অবরোধ করার আশঙ্কা রয়েছে।

আরও পড়ুন