গুম অধ্যাদেশ অপ্রয়োজনীয় ছিল, ট্রাইব্যুনাল আইনেই বিচার সম্ভব

গুম অধ্যাদেশ অপ্রয়োজনীয় ছিল, ট্রাইব্যুনাল আইনেই বিচার সম্ভব

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, গুম অধ্যাদেশ আইন অপ্রয়োজনীয় ছিল। তিনি বলেন, গুম অধ্যাদেশের আওতাধীন অপরাধ ইতিমধ্যে ট্রাইব্যুনাল আইনে সংবিধিবদ্ধ ছিল, তাই আরেকটি আইন ও ট্রাইব্যুনাল গঠনের প্রয়োজনীয়তা ছিল না। অর্থাৎ গুমের বিচার ট্রাইব্যুনাল আইনেই সম্ভব।

মঙ্গলবার নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। চিফ প্রসিকিউটর বলেন, গুম অধ্যাদেশ বাতিল হয়ে ট্রাইব্যুনাল আইনের সঙ্গে যুক্ত হওয়ায় তিনি আইনমন্ত্রী ও সংসদ সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। কারণ এই গুম অধ্যাদেশটা একটি অপ্রয়োজনীয় আইন ছিল বলে তার কাছে মনে হয়েছে।

তিনি বলেন, ট্রাইব্যুনাল আইনের সঙ্গে একীভূত হওয়াটা ভালো কাজ হয়েছে এবং এটি সঠিক ও যথার্থ হয়েছে বলেও তিনি মনে করেন। এদিকে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুমের বিচারের পথ প্রশস্ত করতে ‘ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালস (সংশোধন) বিল ২০২৬’ জাতীয় সংসদে পাস হয়েছে।

এই সংশোধনীর মাধ্যমে গুমকে ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে। সংসদ অধিবেশনে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বিলটি উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়।

আরও পড়ুন