বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে সভাপতি করে নতুন ১১ সদস্যের এডহক কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। মঙ্গলবার এই কমিটি গঠনের পর সন্ধ্যায় এর প্রথম সভা অনুষ্ঠিত হয়।
সভায় স্বশরীরে ৬ জন উপস্থিত হন, বাকি ৫ জন অনলাইনে যোগ দেন। রাত ৮টায় শুরু হওয়া বৈঠকের পর সংবাদ সম্মেলনে তামিম ইকবালসহ দুই পরিচালক উপস্থিত হন।
দায়িত্ব নিয়েই তামিম ইকবাল নিজের প্রথম কাজের কথা জানান। তিনি বলেন, ‘কেউ যখন দায়িত্ব পান তখন ডেভেলপমেন্টের কথা বলেন, বিভিন্ন বিষয়ে কথা বলেন। আমি এবং আমার দল ব্যক্তিগতভাবে এটা ফিল করে যে, আমাদের প্রথম কাজ হবে বাংলাদেশের ক্রিকেটের রেপুটেশন ঠিক করা।’
