সংসদ সদস্যদের ওরিয়েন্টেশন ও ডিজিটাইজেশনে সহায়তা করবে ইউএনডিপি: স্পিকার

সংসদ সদস্যদের ওরিয়েন্টেশন ও ডিজিটাইজেশনে সহায়তা করবে ইউএনডিপি: স্পিকার

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম-এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার। আজ (মঙ্গলবার) স্পিকারের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এসময় চলমান বৈশ্বিক জ্বালানি সংকট ও গণতান্ত্রিক ব্যবস্থা নিয়ে উভয় পক্ষ মতবিনিময় করেন।

সাক্ষাৎকালে তারা ই-গভর্ন্যান্স, ই-পার্লামেন্ট, সংসদীয় স্থায়ী কমিটির কার্যক্রম এবং সংসদের কার্যপ্রণালি বিধিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। এসময় আরও উপস্থিত ছিলেন ইউএনডিপির উপ-আবাসিক প্রতিনিধি সোনালি দয়ারত্নে, সহকারী আবাসিক প্রতিনিধি আনোয়ারুল হক, ড্রাগন পপোভিক, তানভীর মাহমুদ এবং সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বৈঠকে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, ইউএনডিপি ও জাতীয় সংসদের মধ্যে সহযোগিতার সুনির্দিষ্ট ক্ষেত্রগুলো চিহ্নিত করা জরুরি। বিশেষ করে নতুন সংসদ সদস্যদের প্রাথমিক দায়িত্ব, কার্যাবলী ও এখতিয়ার সম্পর্কে ধারণা দিতে ওরিয়েন্টেশন কোর্সের আয়োজন করতে পারে ইউএনডিপি।

জাতীয় সংসদকে আধুনিকায়নের ওপর গুরুত্বারোপ করে স্পিকার বলেন, সংসদে বর্তমানে কিছু বিষয় বাস্তবায়ন করা অত্যাবশ্যক। বিশেষ একটি সমৃদ্ধ ও আধুনিক ডিজিটাল লাইব্রেরি ব্যবস্থা প্রবর্তন, অধিবেশনের দৈনন্দিন কার্যসূচিতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা এবং সংসদের নিজস্ব প্রিন্টিং ও প্রেস সুবিধা স্থাপন।

বর্তমান সংসদের পরিবেশ নিয়ে স্পিকার বলেন, এই সংসদে বিরোধী দল অত্যন্ত সহযোগিতামূলক ভূমিকা পালন করছে। এছাড়া সরকার সংবিধানের প্রয়োজনীয় সংশোধনের বিষয়ে যথেষ্ট উদার ও সচেষ্ট।

ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার বর্তমান সংসদকে ‘প্রাণবন্ত’ হিসেবে উল্লেখ করে বলেন, ইউএনডিপি দীর্ঘকাল ধরে বাংলাদেশ ও জাতীয় সংসদের বিশ্বস্ত সহযোগী। এই সহযোগিতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরও পড়ুন