ফেসবুক পোস্টে ১২ হাজার কোটি টাকা লেনদেন দাবি, গ্রেপ্তারের নির্দেশ

ফেসবুক পোস্টে ১২ হাজার কোটি টাকা লেনদেন দাবি, গ্রেপ্তারের নির্দেশ

এমএইচ পাটোয়ারী বাবু নামে একজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলায় ১২ হাজার কোটি টাকা লেনদেন হয়েছে বলে ফেসবুকে পোস্ট দেওয়ার অভিযোগে এই আদেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে পোস্টে লাইক-কমেন্ট ও শেয়ারকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার আদালত অবমাননার অভিযোগের বিষয়টি আমলে নিয়ে এ আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেল। তিনদিন আগে নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্টটি করেন বাবু।

পোস্টে বাবু লেখেন, দেশরত্ন শেখ হাসিনাকে সাজানো মামলায় মৃত্যুদণ্ড দিতে বিভিন্ন দেশ ও গোষ্ঠীর নিকট থেকে প্রায় ১২ হাজার কোটি টাকা খেয়েছে আসিফ নজরুল, শিশির মনির, তাজুল ইসলাম, বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার। তিনি আরও দাবি করেন, ঘটনা জানাজানি হওয়ার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সিসিটিভি ফুটেজ গায়েব করে কম্পিউটারের হার্ডড্রাইভ পরিবর্তন করা হয়েছে।

ওই পোস্টে লাইক পড়েছে ৬৭০০, মন্তব্য করেছেন ১৩০০ ও শেয়ার হয়েছে ১৯০০ বার। ট্রাইব্যুনালের আদেশ পেয়ে মঙ্গলবার রাতে রাজধানীর উত্তরায় অভিযান চালিয়েছে বিশেষ তদন্ত কর্মকর্তা ও প্রসিকিউটর তানভীর জোহার নেতৃত্বাধীন একটি পুলিশ দল। তবে ওই ব্যক্তিকে পাওয়া যায়নি বলে জানিয়েছেন প্রসিকিউটর জোহা।

আরও পড়ুন