পহেলা বৈশাখ সামনে, ইলিশের দাম কেজিতে বেড়েছে ৪০০ টাকা

পহেলা বৈশাখ সামনে, ইলিশের দাম কেজিতে বেড়েছে ৪০০ টাকা

পহেলা বৈশাখ আসতে এখনো প্রায় এক সপ্তাহ বাকি থাকলেও ইলিশের দাম কেজিতে ৩০০ থেকে ৪০০ টাকা বেড়েছে। বুধবার রাজধানীর কারওয়ান বাজার, মহাখালী কাঁচা বাজার, শ্যামবাজার ও আফতাবনগরের বিভিন্ন বাজারে এ চিত্র দেখা গেছে।

বাজারে আকারভেদে ১ কেজি ২০০ গ্রামের ইলিশ প্রতি কেজি ৩০০০ থেকে ৩২০০ টাকায় বিক্রি হচ্ছে, যা এক সপ্তাহ আগে ২৫০০ থেকে ২৮০০ টাকায় বিক্রি হতো। ১ কেজি ওজনের ইলিশ ২৬০০ থেকে ২৮০০ টাকায়, ৮০০ থেকে ৯০০ গ্রামের প্রতি কেজি ইলিশ ২৪০০ থেকে ২৫০০ টাকায় বিক্রি হচ্ছে, যা সপ্তাহের ব্যবধানে আড়াইশ থেকে ৩শ টাকা বেড়েছে। ৫০০ থেকে ৬০০ গ্রামের ইলিশ ১৮০০ থেকে ২০০০ টাকা, কোথাও কোথাও ২২০০ টাকায় বিক্রি হচ্ছে। আর ৩০০ থেকে ৪০০ গ্রামের প্রতি কেজি ইলিশ ১৪০০ থেকে ১৬০০ টাকায় বিক্রি হচ্ছে, যা এক সপ্তাহ আগে ১২০০ টাকা কেজি দরে বিক্রি হতো।

ব্যবসায়ীরা বলছেন, গত কয়েক বছরের তুলনায় এ বছর ইলিশের আমদানি খুবই কম। জেলেরা জালে তেমন মাছ পাচ্ছে না এবং মিঠাপানি ও উজানের মাছ এ মুহূর্তে খুবই কম পাওয়া যাচ্ছে। বাজারে আমদানি কম এবং বৈশাখকে ঘিরে চাহিদা বেশি থাকায় ইলিশের দাম কেজি প্রতি ৪০০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।

কারওয়ান বাজারের মাছ ব্যবসায়ী শুকুর আলী বলেন, জেলেরা খুবই কম মাছ পাচ্ছে জালে, যে কারণে এ বছর মাছের আমদানি খুবই কম। বাজারে ইলিশের সরবরাহ বেশি থাকলে আমরাও কম দামে মাছ বিক্রি করতে পারতাম। বৈশাখকে কেন্দ্র করে প্রতি বছরই মাছের চাহিদা বেশি থাকে এবং দামও স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি থাকে। কিন্তু এ বছর বাজারে মাছের আমদানি কম থাকায় এক সপ্তাহ আগেই ইলিশের দাম বৃদ্ধি পেয়েছে।

মহাখালী কাঁচা বাজারে মাছ বিক্রেতা মো. শামীম হোসেন বলেন, এক সপ্তাহের ব্যবধানে ইলিশের দাম কেজিতে ২০০ থেকে ৪০০ টাকা বৃদ্ধি পেয়েছে। পহেলা বৈশাখকে সামনে রেখে আরও বাড়বে। এ বছর মাছের আমদানি কম। জেলেরাও নদীতে আগের মতো মাছ পাচ্ছে না। আমরা বরিশালের বিভিন্ন স্থান থেকে মাছ নিয়ে আসি। এখানে আরও দুইজন ইলিশ মাছ বিক্রি করতো কিন্তু অতিরিক্ত দামের কারণে তারা এখনো মাছ নিয়ে আসেনি। হয়তো পহেলা বৈশাখের দুই তিন দিন আগে তারা মাছ নেবে। বর্তমানে ক্রেতার সংখ্যা খুবই কম, আর তিন চারদিন পরে ক্রেতা ও মাছের আমদানি কিছুটা হলেও বাড়বে।

ধানমন্ডি থেকে কারওয়ান বাজারে মাছ কিনতে আসা সেলিনা বেগম বলেন, প্রতি বছরই আমরা পহেলা বৈশাখের পাঁচ ছয় দিন আগেই ইলিশ কিনে থাকি। একই ধারাবাহিকতায় এবারও আমি কারওয়ান বাজারে মাছ কিনতে এসেছি। কিন্তু একদিকে যেমন পছন্দ অনুযায়ী মাছ পাচ্ছি না, আবার দামও কেজি প্রতি ৩০০ চারশ টাকা বেশি রাখছে। সিন্ডিকেট করে বাজারে আমদানি কমিয়ে মাছের দাম বাড়িয়ে দিছে কিনা সরকারকে দেখার অনুরোধ রাখছি।

গুলশান থেকে আসা ক্রেতা রকিফুল ইসলাম বলেন, আমি অফিসের জন্য মাছ কিনতে এসেছি। ৮০০ গ্রাম ওজনের পাঁচ কেজি মাছ কিনেছি ২৪০০ টাকা কেজি দরে। বৈশাখকে ঘিরে প্রতিবছরই আমাকে মাছ কিনতে হয়। কিন্তু এবছর আমার কাছে মাছের দাম অনেক বেশি মনে হয়েছে। বাজারে মাছের সরবরাহও কম মনে হয়েছে আমার।

আরও পড়ুন