সংসদ সদস্য রুমিন ফারহানা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনকে উদ্দেশ করে বলেছেন, রোগীকে ভয় দেখাতে হয় না, সাহস দিতে হয়। তিনি বলেন, আমি তো জানতাম আমি ৩০০ জন সংসদ সদস্যের সামনে কথা বলছি। ৩০০ জন হামের রোগীর সামনে তো আমি কথা বলছি না।
বুধবার সংসদের প্রথম অধিবেশনের ১১ দিনের জনগুরুত্বপূর্ণ বিষয়ে ৭১ বিধির ওপর আলোচনাকালে তিনি এসব কথা বলেন। তার আগে স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, হামের রোগীদের ভয় দেখাতে হয় না, তাদের ভয় দেখালে আতঙ্ক সৃষ্টি হবে।
রুমিন ফারহানা হামে আক্রান্ত রোগী ডাটাবেইজ সংসদে উপস্থাপন করেন। সেই ডাটাবেইজের প্রসঙ্গ টেনে স্বাস্থ্যমন্ত্রী আতঙ্কের বিষয় উল্লেখ করেন। সম্পূরক প্রশ্ন করতে গিয়ে রুমিন ফারহানা বলেন, সংসদে আমি যদি স্বার্থের প্রশ্নে বলতে না পারি।
তিনি আরও বলেন, এই সংসদে যারা বসেছেন আপনারা কোনো না কোনো সন্তানের পিতা এবং বলা হয় সন্তানের পিতার কাঁধে সন্তানের লাশের চেয়ে আর ভারী কিছু হতে পারে না। আমরা যে পরিসংখ্যানগুলো দিচ্ছি, এই শিশু কোনো না কোনো পিতার কাঁধে কবরে গেছে।
রুমিন ফারহানার প্রশ্নের জবাব দিতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আল্লাহর রহমতে সন্তানের পিতা আমরা সবাই। কাজেই আমাদের দরদ আছে। সন্তান মারা গেলে পিতার কাঁধে যে এটার ভার কত বেশি, এটাও কিন্তু জানি।
তিনি আরও বলেন, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তারা যেটা নিশ্চিত করেছে আমাদের ৪১ জন হাম রোগে মারা গেছে। আমি কিন্তু আপনাকে সংসদে বলতে নিষেধ করিনি। বলেছি প্যানিক না সৃষ্টি করার জন্য। আমরা কিন্তু ফাইট করছি এটার বিরুদ্ধে।
