পরকীয়ার প্রতিবাদ করায় স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামীর যাবজ্জীবন

পরকীয়ার প্রতিবাদ করায় স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামীর যাবজ্জীবন

কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. এনায়েত কবীর সরকার বুধবার দুপুরে স্ত্রী হত্যা মামলায় আসামি আব্দুল আওয়ালকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন। একই সঙ্গে ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছর কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে।

আসামি আব্দুল আওয়াল কুষ্টিয়া সদর উপজেলার হরিনারায়নপুর কুন্ডুপাড়া গ্রামের বাসিন্দা আব্দুল করীম বিশ্বাসের ছেলে। ২০২০ সালের ২৯ জানুয়ারি সকালে তার স্ত্রী শাহানা খাতুন পরকীয়া সম্পর্কের প্রতিবাদ করলে ঝগড়া সৃষ্টি হয়।

এতে আব্দুল আওয়াল ধারালো আসুয়া দিয়ে স্ত্রীর দেহে কুপিয়ে গুরুতর জখম করেন, যাতে তিনি ঘটনাস্থলেই মারা যান। ঘটনার সময় আসামির মা ঠেকাতে গেলে তাকেও কুপিয়ে জখম করা হয়।

প্রতিবেশীরা আসামিকে আটক করে ইবি থানা পুলিশকে খবর দেয়। নিহতের বড় ভাই শফিউদ্দিন একই দিনে ইবি থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে উপ-পুলিশ পরিদর্শক শাহ আলী মিয়া ২০২০ সালের ৩ মার্চ চার্জশিট দাখিল করেন।

রাষ্ট্রপক্ষের কৌসুলি অ্যাডভোকেট খন্দকার সিরাজুল ইসলাম জানান, অভিযোগ ও স্বাক্ষ্য শুনানি শেষে প্রমাণিত হওয়ায় আসামিকে এই সাজা দেওয়া হয়েছে।

আরও পড়ুন