ইরান ও যুক্তরাষ্ট্রের মাঝে অস্থায়ী যুদ্ধবিরতি নিশ্চিত এবং মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধের আলোচনার আয়োজন করতে প্রধান মধ্যস্থতাকারী হিসেবে আবির্ভূত হয়েছে পাকিস্তান। বুধবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ জানিয়েছেন, তার সরকারের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরান এবং তাদের মিত্ররা ‘সব জায়গায়’ যুদ্ধবিরতিতে রাজি হয়েছে।
শেহবাজ শরিফ বলেন, এর আগে ট্রাম্প ও তেহরান দুই সপ্তাহের যুদ্ধবিরতির যে ঘোষণা দিয়েছিল, সেটির ধারাবাহিকতায় পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পরবর্তী আলোচনা অনুষ্ঠিত হবে। এ বিষয়ে দক্ষিণ এশিয়া বিষয়ক বিশেষজ্ঞ মাইকেল কুগেলম্যান সামাজিক যোগাযোগমাধ্যমে বলেছেন, ‘‘গত কয়েক বছরের মধ্যে অন্যতম বড় কূটনৈতিক বিজয় অর্জন করেছে পাকিস্তান।’
পাকিস্তানের সাবেক রাষ্ট্রদূত আসিফ দুররানি বলেন, ‘‘এই অঞ্চলের একমাত্র দেশ হিসেবে যুক্তরাষ্ট্র ও ইরান—উভয়ের সঙ্গেই সুসম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে পাকিস্তানের গ্রহণযোগ্যতা রয়েছে।’
পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমে ইরানের ৯০০ কিলোমিটার (৫৬০ মাইল) দীর্ঘ সীমান্ত রয়েছে এবং দুই দেশের মধ্যে গভীর ঐতিহাসিক, সাংস্কৃতিক ও ধর্মীয় সংযোগ বিদ্যমান। ইরান ১৯৪৭ সালে পাকিস্তানকে প্রথম দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছিল।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসীম মুনিরের সুসম্পর্ক রয়েছে। গত বছর, বিভক্ত কাশ্মির নিয়ে পাকিস্তান ও ভারতের মাঝে উত্তেজনার সময় তিনি ওয়াশিংটনে সফর করেন।
২০২৫ সালে পাকিস্তান ও সৌদি আরব একটি কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করে। এই চুক্তি দীর্ঘদিনের সম্পর্ককে মজবুত করেছে, তবে ইরানকে সমর্থন করার ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা তৈরি করেছে।
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার গত মাসে সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের সাথে সংঘাতের সমাধানের বিষয়ে আলোচনা করেন এবং পরে বেইজিংয়ে যান।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ জানান, আগামী ১০ এপ্রিল থেকে ইসলামাবাদে মার্কিন ও ইরানি প্রতিনিধিদের স্বাগত জানাবেন। সাবেক রাষ্ট্রদূত দুররানি বলেন, ইরান ইসলামাবাদে স্বাচ্ছন্দ্যবোধ করবে এবং পাকিস্তান দুই পক্ষের মধ্যকার অমীমাংসিত মতভেদের অবসানে সহায়তা করতে পারে।
ইসরায়েল পাকিস্তানের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার বিষয়ে সমর্থন জানালেও তারা বলেছেন, লেবানন অন্তর্ভুক্ত নয়। শেহবাজ শরিফ পূর্বে বলেছিলেন, এই যুদ্ধবিরতি ‘লেবাননসহ সব জায়গার’ জন্য প্রযোজ্য হবে।
