বুধবার দুপুরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেন্নাইগামী একটি ফ্লাইট উড্ডয়নের ঠিক আগে রানওয়ে থেকে ফিরে আসে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, ফ্লাইটটির নির্ধারিত ছাড়ার সময় ছিল বেলা ১১টা ২০ মিনিটে।
ফ্লাইট যখন উড্ডয়নের জন্য রানওয়ে যায়, তখন কেবিন ক্রু পাইলটকে জানান একজন যাত্রী গুরুতর অসুস্থ। পাইলট তাৎক্ষণিকভাবে এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ারে যোগাযোগ করেন।
এটিসি সূত্র জানায়, পাইলট হঠাৎ বলেন, ‘আমি এখন উড্ডয়ন করতে পারবো না, ফ্লাইটের একজন যাত্রী গুরুতর অসুস্থ হয়ে গেছেন। আমাকে বোডিং ব্রিজে ফিরে যেতে হবে।’ এটিসি পাইলটকে জানান, দুটি মিলিটারি ফ্লাইটকে অবতরণের অনুমতি দেওয়া হয়েছে।
পাইলট এটিসিকে জানান, গ্রাউন্ড সার্ভিসের সঙ্গে কথা বলে মেডিকেল সাপোর্টের প্রস্তুতি নেওয়া হয়েছে। রোগীকে ফ্লাইটে অক্সিজেন দিয়ে রাখা হয়েছে। মিলিটারি প্লেন অবতরণের পর ফ্লাইটটি বোর্ডিং ব্রিজে ফিরে যায় এবং যাত্রীকে নিরাপদে নামানো হয়।
বিমানবন্দর জানায়, অসুস্থ রোগীকে নামিয়ে ফ্লাইটটি দুপুর ১টা ১০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। ফ্লাইটটি বোয়িং ৭৩৭ উড়োজাহাজে পরিচালিত হচ্ছিল। প্রায় ২ ঘণ্টা ২৭ মিনিটের যাত্রা শেষে বিকেল ৩টা ৭ মিনিটে চেন্নাইয়ে অবতরণ করে।
বিমান কর্তৃপক্ষ জানায়, যাত্রীদের নিরাপত্তা ও জরুরি চিকিৎসা সহায়তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়েই দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে।
