স্পেন ইরানে তাদের দূতাবাস পুনরায় খোলার ঘোষণা দিয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযানের পর নিরাপত্তাজনিত কারণে গত ২৮ ফেব্রুয়ারি দূতাবাস অস্থায়ীভাবে বন্ধ করা হয়েছিল। সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
স্পেনের পররাষ্ট্রমন্ত্রী জোসে ম্যানুয়েল অ্যালবারেস বৃহস্পতিবার মাদ্রিদে এক সংবাদ সম্মেলনে বলেন, “আমি তেহরানে নিযুক্ত আমাদের রাষ্ট্রদূতকে ফিরে গিয়ে পুনরায় যোগদান করতে এবং তেহরানে স্পেনের দূতাবাস ফের চালু করার নির্দেশ দিয়েছি।” তিনি আরও বলেন, “শান্তি স্থাপনের প্রচেষ্টায় স্পেন ভূমিকা রাখতে আগ্রহী। তেহরানে নিযুক্ত আমাদের রাষ্ট্রদূতকে এ ব্যাপারেও নির্দেশনা দেওয়া হয়েছে।”
টানা ৪০ দিন যুদ্ধের পর পাকিস্তানের মধ্যস্থতায় গত ৭ তারিখ যুক্তরাষ্ট্র ও ইরান ১৪ দিনের অস্থায়ী যুদ্ধবিরতি ঘোষণা করে। যুদ্ধবিরতির লক্ষ্য উত্তেজনার স্থায়ী অবসান এবং একটি সমঝোতা চুক্তি। এই চুক্তি নিয়ে আলোচনা করতে আগামী ১০ এপ্রিল থেকে ইসলামাবাদে মার্কিন ও ইরানি প্রতিনিধিদলের বৈঠক শুরু হবে।
