ফ্রি-কিকে গোল করে রেকর্ড গড়লেন আলভারেজ, বার্সেলোনাকে হারাল অ্যাতলেটিকো

ফ্রি-কিকে গোল করে রেকর্ড গড়লেন আলভারেজ, বার্সেলোনাকে হারাল অ্যাতলেটিকো

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে বার্সেলোনাকে ২-০ ব্যবধানে হারিয়েছে অ্যাতলেটিকো মাদ্রিদ। ক্যাম্প ন্যুতে ২০০৬ সালের পর এই প্রথম এবং ১৯ বারের চেষ্টায় মাদ্রিদের ক্লাবটির হয়ে সেখানে জয়ের স্বাদ পেলেন দিয়েগো সিমিওনে। ম্যাচজুড়ে দাপট দেখালেও গোল করতে পারেনি কাতালানরা।

৪৪ মিনিটে পাউ কুবারসি লাল কার্ড দেখায় হ্যান্সি ফ্লিকের দল বড় ধাক্কা খায়। আগামী মঙ্গলবার ফিরতি লেগে অ্যাতলেটিকোর মাঠে খেলতে যাবে বার্সা। বক্সের বাইরে পাওয়া ফ্রি-কিক নিতে এগিয়ে যান হুলিয়ান আলভারেজ। তার ডান পায়ের বাঁকানো শট বার্সা গোলরক্ষকের নাগালের বাইরে কর্নার দিয়ে জালে জড়ায়।

৭০ মিনিটে আলেক্সান্ডার সরলথ আরেক গোল করে স্কোরলাইন ২-০ করেন। ম্যাচসেরার পুরস্কার জেতা আলভারেজ জানান, ‘গতকাল আমরা ফ্রি-কিক অনুশীলন করেছি। এর আগে বেশ কয়েকটি নিয়েছি, সম্ভবত ৫-৬টা, কিন্তু স্কোর করতে পারিনি। আজ সেই দিন, দারুণ এক মুহূর্তে এটি পেয়েছি এবং আমি খুবই খুশি।’

চ্যাম্পিয়ন্স লিগের চলতি মৌসুমে তিনি নবম গোল করলেন। যা ক্লাবটির হয়ে এই প্রতিযোগিতার এক আসরে ব্যক্তিগত সর্বোচ্চ গোলের রেকর্ড। এতদিন ৮ গোল নিয়ে রেকর্ড ভাগাভাগি করছিলেন দিয়েগো কস্তার সঙ্গে। চলতি মৌসুমের ইউসিএলে আলভারেজের চেয়ে বেশি গোল করেছেন কিলিয়ান এমবাপে (১৪), হ্যারি কেইন (১১) ও অ্যান্থনি গর্ডন (১০)।

এখন পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগে ২৪টি (অ্যাতলেটিকোর হয়ে ১৬ ও ম্যানচেস্টার সিটিতে ৮) গোল করলেন আলভারেজ। চ্যাম্পিয়ন্স লিগে অ্যাতলেটিকোর দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতাও হয়েছেন এই আর্জেন্টাইন, তার চেয়ে বেশি গোল করেছেন কেবল আঁতোয়ান গ্রিজম্যান (৪০)। ইউরোপসেরার এই প্রতিযোগিতায় গোলের দিক থেকে আর্জেন্টাইন ফুটবলার হিসেবে আলভারেজ ছাড়িয়ে গেছেন গঞ্জালো হিগুয়েন ও আনহেল ডি মারিয়া। এই তালিকায় সবার উপরে আছেন লিওনেল মেসি (১২৯), এরপর যথাক্রমে অবস্থান করছেন সার্জিও আগুয়েরো (৪১), হার্নান ক্রেসপো (২৫) ও লাউতারো মার্টিনেজ (২৫)।

আরও পড়ুন