যশোরে ছয় বিঘা জমিতে ক্ষতিকর আগাছানাশক প্রয়োগ, পুড়ে গেছে ধান

যশোরে ছয় বিঘা জমিতে ক্ষতিকর আগাছানাশক প্রয়োগ, পুড়ে গেছে ধান

যশোরের মনিরামপুর উপজেলার আগরহাটি বিলে প্রায় ছয় বিঘা জমির ধান ক্ষেতে ক্ষতিকর আগাছানাশক (ঘাস পোড়া) প্রয়োগ করা হয়েছে। এতে ধানের থোড় ও পাতা পুড়ে গেছে। স্থানীয় কৃষকরা গভীর নলকূপের লিজ সংক্রান্ত বিরোধের জের ধরে হাফিজুর রহমান নামে এক ব্যক্তিকে দায়ী করেছেন।

ক্ষতিগ্রস্ত কৃষক আব্দুর রউফ জানান, প্রায় ত্রিশ বছর আগে ব্র্যাক স্থাপিত গভীর নলকূপটি নিলামে কিনে তারা লিজ প্রদানের মাধ্যমে পরিচালনা করছেন। হাফিজুর রহমান লিজ নিতে আগ্রহী হলেও তাকে না দিয়ে লালু শেখের কাছে লিজ প্রদান করা হয়, যা নিয়ে হাফিজুর ক্ষুব্ধ ছিলেন।

আব্দুল জব্বার ও শামীম হোসেনসহ কৃষকরা অভিযোগ করেন, হাফিজুর প্রতিহিংসা পরায়ণ হয়ে এ ঘটনা ঘটিয়েছেন। তারা উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ করেছেন। তবে হাফিজুর রহমান অভিযোগ অস্বীকার করে দাবি করেন, সম্প্রতি বিলের মাছের ঘের থেকে পানি সেচ বন্ধ হওয়ায় তার বিরুদ্ধে ওই পক্ষটি ক্ষিপ্ত হয়ে তাকে ফাঁসানো হচ্ছে।

উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদা আক্তার জানান, ঘটনাটি ন্যাক্কারজনক এবং শত্রুতা করে কেউ আগাছানাশক প্রয়োগ করেছে। বৃষ্টি হওয়ায় ক্ষতিগ্রস্ত ধান ক্ষেতের ৪০ ভাগ রিকভার হতে পারে। উপজেলা নির্বাহী অফিসার সম্রাট হোসেন বলেন, অভিযোগ পেয়ে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন