আবু সাঈদ হত্যা মামলার পলাতক আসামিদের গ্রেপ্তারের দাবি

আবু সাঈদ হত্যা মামলার পলাতক আসামিদের গ্রেপ্তারের দাবি

আবু সাঈদ হত্যা মামলার রায়কে বিচার প্রক্রিয়ার একটি অগ্রগতি হিসেবে উল্লেখ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ পলাতক আসামিদের গ্রেপ্তারে উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছে।

দলটির যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বৃহস্পতিবার (৯ এপ্রিল) বলেন, জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতাকে হত্যা সংক্রান্ত মামলার রায় বিচার প্রক্রিয়ায় একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। তবে, ২৫ জন আসামির মধ্যে মাত্র দুজন গ্রেপ্তার আছেন, বাকি সবাই পলাতক। পলাতক আসামিদের আটক করতে সরকারকে জোরালো উদ্যোগ নিতে হবে।

মামলার রায়ে দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এবং সাবেক পুলিশ কমিশনারসহ ২৫ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

মাওলানা গাজী আতাউর রহমান বলেন, ট্রাইব্যুনালে রায় ঘোষণা বিচার প্রক্রিয়ার প্রথম ধাপ। এরপরে উচ্চ আদালতের শুনানিসহ অন্যান্য প্রক্রিয়া শেষ করে রায় বাস্তবায়ন হয়। সরকারকে সাজাপ্রাপ্ত আসামিদের গ্রেপ্তারের ক্ষেত্রে দ্রুত কাজ করতে হবে, বিশেষ করে রাজনৈতিক নেতৃত্বকে গ্রেপ্তারে অগ্রগতি আশাব্যঞ্জক নয়।

তিনি বলেন, এই মামলায় হুকুমের আসামিদের নমনীয় শাস্তি হয়েছে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রায়ের পর বলেছিলেন, তিনি কেবল হুকুমের গোলাম। ফলে হুকুমদাতাই মূল শাস্তিপ্রাপ্য হওয়া উচিত। তথাপিও আইনের প্রতি আমাদের আস্থা রয়েছে।

মাওলানা গাজী আতাউর রহমান আশা প্রকাশ করেন যে, অপরাধীরা তাদের প্রাপ্য শাস্তি পাবে, যাতে করে ভবিষ্যতে আর কেউ জনতার ওপর গুলি চালানোর সাহস না করে।

আরও পড়ুন