দেশের বিভিন্ন অঞ্চলে ভোজ্যতেলের বাজার স্থিতিশীল রাখতে এবং অবৈধ মজুত ও চোরাচালান রোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। চলতি বছরের প্রথম তিন মাসে বিজিবির অভিযানে ৫ হাজার ৪২৫ লিটার ভোজ্যতেল জব্দ করা হয়েছে।
শুক্রবার (১০ এপ্রিল) বিজিবির সদর দপ্তর থেকে জানানো হয়েছে, জয়পুরহাট, সাতক্ষীরা, যশোর, ফেনী, কক্সবাজার ও নারায়ণগঞ্জসহ বিভিন্ন জেলায় অভিযান পরিচালিত হয়। গত তিন বছরে মোট ৪৩ হাজার ২৬৯ লিটার ভোজ্যতেল উদ্ধার করেছে বিজিবি।
সর্বশেষ নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি যৌথ অভিযানে ৯টি ব্যারেলে প্রায় ২ হাজার লিটার সয়াবিন তেল জব্দ করা হয়েছে। অভিযানে জালিয়াতির প্রমাণ পাওয়া গেছে, যেখানে অবৈধভাবে মজুত করা তেল স্থানীয় বাজার থেকে সংগ্রহ করে বোতলজাত করা হচ্ছিল।
বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম জানান, অবৈধ ভোজ্যতেল মজুত ও পাচার প্রতিরোধে বিজিবি সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। নিরাপত্তা বাড়ানোর জন্য স্থানীয় প্রশাসন, বাংলাদেশ সেনাবাহিনী, র্যাব, পুলিশ ও শুল্ক বিভাগের সাথে সমন্বয় করে টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হচ্ছে।
এছাড়া, সীমান্তের জনগণকে সচেতন করার জন্য জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে, যাতে তারা অবৈধ কর্মকাণ্ড থেকে বিরত থাকতে পারে।
