জামালপুরে অবৈধ পেট্রোল মজুত, ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা

জামালপুরে অবৈধ পেট্রোল মজুত, ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা

জামালপুরের দেওয়ানগঞ্জে অবৈধভাবে পেট্রোল মজুত করে বেশি দামে বিক্রি করায় এক ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহ জহুরুল হোসেন এই জরিমানা করেন।

এলাকার কাওনিয়ারচর বাজারে মিজানুর রহমান নামে এক ব্যবসায়ী অবৈধভাবে পেট্রোল মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টি করে আসছিলেন। তিনি সরকার নির্ধারিত দামের তুলনায় কয়েকগুণ বেশি দামে পেট্রোল বিক্রি করছিলেন। অভিযোগের ভিত্তিতে ইউএনও শাহ জহুরুল হোসেন অভিযানে অংশ নেন।

অভিযানে মিজানুর রহমানের দোকানে ৮০০ লিটার পেট্রোল মজুত পাওয়া যায় এবং অতিরিক্ত দামে বিক্রির অপরাধ প্রমাণিত হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী তাকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ইউএনও শাহ জহুরুল হোসেন ঢাকা পোস্টকে জানান, অবৈধ মজুত ও অতিরিক্ত দামে পেট্রোল বিক্রির দায়ে এ জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং সাধারণ মানুষের স্বার্থ রক্ষায় প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।

আরও পড়ুন