সংসদে বিরোধীদলীয় নেতার ক্ষোভ, ‘না বুঝে হ্যাঁ বা না বলা অপরাধ’

সংসদে বিরোধীদলীয় নেতার ক্ষোভ, ‘না বুঝে হ্যাঁ বা না বলা অপরাধ’

জাতীয় সংসদে ‘ব্যাংক রেজল্যুশন বিল’ পাসের সময় প্রয়োজনীয় নথিপত্র বা বিলের কপি সময়মতো হাতে না পাওয়ায় স্পিকারের কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, বিলের বিষয়বস্তু না বুঝে সংসদ সদস্য হিসেবে ‘হ্যাঁ’ বা ‘না’ ভোট দেওয়া অপরাধ।

শুক্রবার (১০ এপ্রিল) জাতীয় সংসদে বিলটি পাসের পর তিনি এসব কথা বলেন। বিরোধীদলীয় নেতা জানান, নিয়ম অনুযায়ী তিন দিন আগে নথিপত্র দেওয়ার কথা ছিল, কিন্তু বিল পাসের সময় টেবিলে নথি দেওয়া হয়। এতে সংসদ সদস্যদের জন্য বিষয়টি বুঝতে সমস্যা হয়েছে।

তিনি আরও বলেন, সরকারি দলের সদস্যরা হয়তো কাগজগুলো দ্রুত বুঝে ফেলেছেন, কিন্তু বিরোধীদলীয় সদস্যরা তা বুঝতে পারেননি। তিনি পরামর্শ চান যে, এখন তারা কী করবেন।

বিরোধীদলীয় নেতার বক্তব্যের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংসদীয় বিশেষ কমিটিতে বিরোধী দলের সদস্যরাও উপস্থিত ছিলেন এবং সর্বসম্মতিক্রমে অধ্যাদেশগুলো বিল আকারে পাসের সিদ্ধান্ত হয়েছিল। বিল পাসের পর এখন কিছু বুঝলাম না বলা সাজে না।

জামায়াত নেতা রফিকুল ইসলাম স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বলেন, বিলের কপি সংসদ চলাকালীন টেবিলে দেওয়ার বিষয়ে কোনো আলোচনা হয়নি। আইনমন্ত্রী সংসদকে জানান, সরকার সংবিধান ও কার্যপ্রণালী বিধির কোনো ব্যত্যয় ঘটায়নি এবং সবগুলো বিল যথাযথভাবে পাস করা হয়েছে।

মন্ত্রী জানান, সংবিধানের ৯৩ অনুচ্ছেদ অনুযায়ী, অধ্যাদেশগুলো বিল আকারে উপস্থাপন করার বাধ্যবাধকতা রয়েছে এবং সরকার কোনগুলো উপস্থাপন করবে সেই এখতিয়ার রাখে।

আরও পড়ুন