ইসরাইল ও মার্কিন বাহিনীর যৌথ বিমান হামলায় ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির মুখমণ্ডল ও পা গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে। চিকিৎসাধীন থাকা অবস্থায় তার ঘনিষ্ঠজনদের বরাত দিয়ে রয়টার্স এই তথ্য নিশ্চিত করেছে।
সূত্রগুলো জানিয়েছে, হামলায় খামেনির মুখমণ্ডল বিকৃত হয়েছে এবং তার একটি পা বা উভয় পা-ই গুরুতর জখম হয়েছে। ৫৬ বছর বয়সি মোজতবা খামেনি তার ক্ষত থেকে সেরে উঠছেন এবং মানসিকভাবে তিনি তীক্ষ্ণ রয়েছেন।
অডিও কনফারেন্সের মাধ্যমে তিনি সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করছেন এবং প্রধান ইস্যু নিয়ে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় যুক্ত রয়েছেন, যার মধ্যে চলমান যুদ্ধ এবং ওয়াশিংটনের সঙ্গে বৈঠকের বিষয়টিও অন্তর্ভুক্ত।
আজ শনিবার ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের শান্তি আলোচনা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর প্রেক্ষাপটে মোজতবা খামেনির শরীর-স্বাস্থ্য কতটা উপযুক্ত, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে অতর্কিত হামলা শুরু করে ইসরাইল ও মার্কিন বাহিনী, যেখানে তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ কয়েক ডজন শীর্ষ কর্মকর্তা নিহত হন। তবে মোজতবা অল্পের জন্য বেঁচে যান।
৮ মার্চ তিনি ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেন, কিন্তু এরপর থেকে প্রকাশ্যে আসেননি এবং তার ভিডিও, অডিও বা কোনো ছবি প্রকাশ পায়নি।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ১৩ মার্চ বলেন, মোজতবা খামেনি আহত হয়েছেন এবং সম্ভবত তিনি পঙ্গু হয়েছেন। মার্কিন গোয়েন্দা মূল্যায়নের সূত্র জানায়, ধারণা করা হচ্ছে তিনি একটি পা হারিয়েছেন, তবে সিআইএ এ বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি।
