পাকিস্তানের বিপক্ষে সবশেষ সিরিজের স্কোয়াডে থাকলেও খেলতে পারেননি সৌম্য সরকার। ওয়ানডে সিরিজের তিন ম্যাচেই তাকে ডাগআউটে বসে কাটাতে হয়েছে। নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজের প্রথম দুই ওয়ানডেতে বাংলাদেশের স্কোয়াড অপরিবর্তিত থাকায় সৌম্য দলে রয়েছেন।
আজ (শনিবার) দল ঘোষণার পর প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন সৌম্যকে ‘দলের গুরুত্বপূর্ণ সম্পদ’ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, ‘দুই দিন প্র্যাকটিস দেখলাম সৌম্য’র। অফস্পিন হ্যান্ডেল করার ক্ষেত্রে তার উন্নতি অসাধারণ। হি ইজ ইম্পরট্যান্ট এসেট ফর দ্য টিম।’
বাশার বাংলাদেশের ব্যস্ত সূচিতে সৌম্য’র সুযোগ পাওয়ার বিষয়ে আশাবাদী। তিনি বলেন, ‘প্রচুর খেলা আছে, সবাই সুযোগ পাবে। ওর মতো খেলোয়াড় বেঞ্চে থাকা মানে আমাদের দল অনেক স্ট্রং। আমি চাই না সৌম্য ৩ ম্যাচ সুযোগ পেয়ে আবার বেঞ্চে বসে থাকুক।’
এদিকে, সাইফ হাসানের সাম্প্রতিক ফর্ম ভালো না হওয়া সত্ত্বেও কিউইদের বিপক্ষে সিরিজে তার থাকার বিষয়টিও উল্লেখ করেন বাশার। তিনি বলেন, ‘সাইফ যেহেতু খেলেছে, জানি না টিম ম্যানেজমেন্ট একাদশ নিয়ে কী ভাবছে। তবে মনে হয় তাকে আরও সুযোগ দেওয়া উচিত।’
