সিলেটে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের প্রতিষ্ঠাতা সভাপতি কয়েছ আহমেদ তালুকদারসহ দুই সদস্যকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। গ্রেপ্তারকৃত তালুকদার নিজেকে চক্রটির প্রতিষ্ঠাতা সভাপতি বলে দাবি করেছেন।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তালুকদার চক্রের সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেন। ৩৫ বছর বয়সী কয়েছ আহমেদ তালুকদার সিলেটের মোগলাবাজার থানার গোটাটিকর এলাকার শহীদ তালুকদারের ছেলে। অপর আসামি ২৪ বছর বয়সী আকাশ আহমদ জৈন্তাপুর উপজেলার যশপুর গ্রামের হাছন আলীর ছেলে।
গত ৬ এপ্রিল নগরীর জিন্দাবাজার এলাকার রাজা ম্যানশন এলিগেন্ট শপিং সিটির সামনে গোলাম মুশফিক ইশতিয়াক চৌধুরীর একটি হিরো স্প্লেন্ডার ১০০ সিসি মোটরসাইকেল চুরি হয়। এ ঘটনায় ভুক্তভোগী কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করেন।
মামলার তদন্তে এসআই শহিদুল ইসলাম সিসিটিভি ফুটেজ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিকে শনাক্ত করেন। ৯ এপ্রিল সন্ধ্যায় নগরীর উপশহর এলাকা থেকে তালুকদারকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ১০ এপ্রিল সকালে জৈন্তাপুর থানা এলাকায় অভিযান চালিয়ে আকাশ আহমদকে গ্রেপ্তার করা হয়।
অভিযানে তাদের হেফাজত থেকে একটি সুজুকি জিক্সার মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। পুলিশ কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, চক্রটির অনেক সদস্য শনাক্ত হয়েছে এবং তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।
