২০২৬ বিশ্বকাপ ফুটবলের জন্য ব্রাজিলিয়ান সমর্থকদের জন্য সুখবর দিলেন সেলেসাওদের কোচ কার্লো আনচেলত্তি। দীর্ঘদিন ইনজুরির কবলে থাকা দলের তারকা নেইমার জুনিয়রকে নিয়ে ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন তিনি।
ফরাসি সংবাদমাধ্যম ‘এল’ইকুইপ’-কে দেওয়া এক সাক্ষাৎকারে আনচেলত্তি উল্লেখ করেন যে, যদি নেইমার তার বর্তমান ধারাবাহিকতা বজায় রাখতে পারেন, তবে তাকে বিশ্বকাপের স্কোয়াডে ডাকা হবে। সম্প্রতি হাঁটুর চোট কাটিয়ে সান্তোসের হয়ে খেলতে দেখা গেছে নেইমারকে।
তবে, ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতার বিশ্বকাপ মঞ্চে খেলার জন্য শতভাগ ফিট কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে। আনচেলত্তি বলেন, ‘নেইমার সঠিক পথেই এগোচ্ছেন। তাকে এই ছন্দ ধরে রাখতে হবে এবং নিজের ফিটনেস আরও ঝালিয়ে নিতে হবে।’
নেইমার ইনজুরি থেকে ফেরার পর মাঠে নিয়মিত গোল করে নিজের উপস্থিতি জানান দিচ্ছেন এবং আনচেলত্তির মতে, তার শারীরিক অবস্থার দ্রুত উন্নতি ঘটছে। তবে চোট পরবর্তী ধকল কাটিয়ে উঠতে তাকে আরও কিছু সময় নিবিড় পর্যবেক্ষণে থাকতে হবে।
ব্রাজিলের ষষ্ঠ বিশ্বকাপ জয়ের স্বপ্ন পূরণে নেইমার অপরিহার্য। ভক্তরা আগামী জুনে মরক্কো, হাইতি এবং স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচগুলোতে তাকে চেনা ছন্দে দেখতে অপেক্ষা করছেন। আনচেলত্তির অধীনে দলে জায়গা পেতে হলে নেইমারকে তার শারীরিক সক্ষমতা প্রমাণ করতে হবে।
নেইমার চূড়ান্ত স্কোয়াডে থাকবেন কিনা তা সময়ের হাতে থাকলেও, কোচের এই সবুজ সংকেত নিঃসন্দেহে তার ভক্তদের জন্য অনুপ্রেরণা।
