মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, বিপুল সংখ্যক খালি ট্যাংকার বর্তমানে যুক্তরাষ্ট্রের দিকে যাচ্ছে তেল ও গ্যাস বোঝাই করার জন্য।
আজ শনিবার ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশালে একটি পোস্টে লিখেছেন, ‘বিশ্বের সবচেয়ে বড় খালি ট্যাংকারের বিশাল বহর এখন যুক্তরাষ্ট্রের দিকে আসছে—এখান থেকে বিশ্বের সবচেয়ে ভালো ও সবচেয়ে উন্নত তেল ও গ্যাস নিতে।’
তিনি আরও উল্লেখ করেছেন, ‘আমাদের কাছে পরবর্তী দুটি বৃহত্তম তেল অর্থনীতির সম্মিলিত মজুদের চেয়েও বেশি তেল রয়েছে এবং আমাদের তেলের গুণমানও অনেক উন্নত।’
ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র এই তেল ও গ্যাস দ্রুত সরবরাহ করতে প্রস্তুত। এর আগে তিনি একটি পোস্টে হরমুজ প্রণালি থেকে যুক্তরাষ্ট্রের দিকে যাওয়া ট্যাংকারের বহর ট্র্যাক করার একটি ম্যাপের ছবি শেয়ার করেন।
সংবাদমাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের এই বার্তার সঙ্গে ইরানের চলমান হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ বা সেটি কার্যত বন্ধ করে দেওয়ার কোনো সরাসরি যোগসূত্র আছে কি না, তা স্পষ্ট নয়। তবে ট্রাম্পের মন্তব্য তেলের বাজারে মার্কিন আধিপত্য তুলে ধরার উদ্দেশ্যে হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
