রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের কলেজ শাখায় পরীক্ষামূলকভাবে ‘হাইব্রিড ক্লাস’ পদ্ধতি চালু হয়েছে। বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলা এবং দুর্যোগ পরিস্থিতিতে শিক্ষা কার্যক্রম সচল রাখার লক্ষ্যে আজ থেকে সপ্তাহে তিন দিন সশরীরে ও তিন দিন অনলাইন ক্লাস শুরু হয়েছে।
রোববার (১২ এপ্রিল) থেকে এই পদ্ধতি কার্যকর করা হয়েছে। শনিবার (১১ এপ্রিল) প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাজেদা বেগমের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নির্ধারিত সূচি অনুযায়ী শনিবার, সোমবার ও বুধবার অফলাইন ক্লাস হবে। অন্যদিকে রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইন ক্লাস নেওয়া হবে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, অনলাইন ক্লাসের রুটিন এবং ক্লাসে অংশগ্রহণের লিংক শিক্ষার্থীদের জানিয়ে দেওয়া হবে। ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাজেদা বেগম বলেন, শিক্ষকরা কলেজ সেকশনে থেকেই অনলাইন ক্লাস পরিচালনা করবেন। ভবিষ্যতে পরিস্থিতি বিবেচনায় এ পদ্ধতির কার্যকারিতা মূল্যায়ন করা হবে।
শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, জ্বালানি সংকট মোকাবিলায় সপ্তাহে তিন দিন অনলাইন ও তিন দিন অফলাইন ক্লাস চালুর পরিকল্পনা করা হচ্ছে।
মন্ত্রী জানান, এই ব্যবস্থা আপাতত ঢাকা মহানগর এলাকার কিছু নির্বাচিত শিক্ষাপ্রতিষ্ঠানে বাস্তবায়ন হবে। শিক্ষার্থীর সংখ্যা বেশি এমন প্রতিষ্ঠানগুলিকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
করোনা মহামারির পর দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারও অনলাইন ক্লাস চালু হলো। চলতি সপ্তাহেই ঢাকার আরও কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাস চালুর সম্ভাবনা রয়েছে।
