দেশজুড়ে মৃদু তাপপ্রবাহ, চার বিভাগে বৃষ্টির সম্ভাবনা

দেশজুড়ে মৃদু তাপপ্রবাহ, চার বিভাগে বৃষ্টির সম্ভাবনা

সারা দেশে দিনের তাপমাত্রা বৃদ্ধির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঢাকা ও খুলনা বিভাগসহ দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। তবে ঢাকা ও চট্টগ্রামসহ চারটি বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহীনুল ইসলামের দেওয়া পূর্বাভাস অনুসারে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য এবং রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।

ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, রাজশাহী, পাবনা এবং সিরাজগঞ্জ জেলাসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা বিস্তৃত হতে পারে। আগামীকাল মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে বৃষ্টির সম্ভাবনা আছে। দেশের অন্যান্য স্থানে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ৯টা থেকে রাজশাহী ও রংপুর অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

শুক্রবার (১৭ এপ্রিল) সকাল ৯টা থেকে রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের অন্যত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে এবং সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আরও পড়ুন