লক্ষ্মীপুরে ঘুমন্ত ছেলেসহ তিনজনকে কুপিয়ে ছাদ থেকে লাফ দিয়ে অবসরপ্রাপ্ত কনস্টেবল নাছির আহমদের (৫৫) মৃত্যু হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) সকালে লক্ষ্মীপুর পৌর শহরের বাঞ্চানগর এলাকার পেশকার বাড়িতে এ ঘটনা ঘটে।
নাছির তার কলেজছাত্র ছেলে ইমরান আহমেদকে কুপিয়ে আহত করে। এরপর তিনি উলঙ্গ অবস্থায় বাসা থেকে বের হলে প্রতিবেশী মিজানুর রহমান স্বপন তাকে লুঙ্গি পড়িয়ে দিতে গেলে তাকেও কুপিয়ে আহত করেন। অন্য একজন প্রতিবেশী নাছির নামের ব্যক্তি তাদের রক্ষা করতে গেলে তিনিও আক্রান্ত হন।
নিহত নাছির চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার পূর্ব এখলাসপুর গ্রামের আরশাদ আলীর ছেলে। তিনি ৭ বছর ধরে ঘটনাস্থলে ভাড়া বাসায় বসবাস করছিলেন। তিনি ট্রাফিক পুলিশ কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন এবং গেল বছর আগস্টে অবসরে যান।
স্থানীয়রা জানান, নাছিরের স্ত্রী বড় ছেলেকে নিয়ে বেড়াতে গেছেন, আর ছোট ছেলে ইমরান এবং নাছির বাসায় ছিলেন। রাতে নাছির অসুস্থ হয়ে পড়লে ইমরান তাকে ওষুধ খাইয়েছিল। সকালে নাছির ইমরানকে দা দিয়ে আক্রমণ করে। আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হলে, নাছির চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
সদর হাসপাতালের চিকিৎসক অরুপ পাল জানান, আহত চারজনের মধ্যে একজন মারা গেছেন এবং অন্যদের মধ্যে দুইজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী জানান, পুলিশের তদন্তে জানা গেছে, অভিযুক্ত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন।
