ইসলামাবাদে ইরানি প্রতিনিধিদের সঙ্গে মার্কিন প্রতিনিধিদের বৈঠক ব্যর্থ হলেও দুই দেশের অস্থায়ী যুদ্ধবিরতি এখনও কার্যকর রয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল ফ্লোরিডা অঙ্গরাজ্যে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে তিনি এ কথা বলেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “আমি বলব যে এটা খুব ভালোভাবেই কার্যকর থাকবে। তাদের সেনাবাহিনী ধ্বংস হয়ে গেছে। তাদের পুরো নৌবাহিনী এখন পানির নিচে।”
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরমাণু প্রকল্প এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে দ্বন্দ্ব দীর্ঘদিন ধরে চলছে। গত ৬ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত দুই দেশের মধ্যে ২১ দিন ধরে সংলাপ অনুষ্ঠিত হয়, যা কোনো প্রকার সমঝোতা চুক্তি ছাড়াই শেষ হয়।
২৮ ফেব্রুয়ারি ইরানে ‘অপারেশন এপিক ফিউরি’ শুরু করে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। একই সময়ে ইসরায়েলও ইরানে সামরিক অভিযানে অংশ নেয়। এই অভিযানে নিহত হন আয়তুল্লাহ খামেনি, যিনি ৩৭ বছর ধরে ইরানের সর্বোচ্চ নেতা ছিলেন।
গত ৭ এপ্রিল যুদ্ধবিরতি ঘোষণা করে যুক্তরাষ্ট্র ও ইরান। এর পর ১১ এপ্রিল পাকিস্তানের ইসলামাবাদে দুই দেশের সরকারি প্রতিনিধিদের মধ্যে আলোচনা হয়, যা ২১ ঘণ্টা পর কোনো সমঝোতা চুক্তি ছাড়াই শেষ হয়।
সূত্র: সিএনএন
