করোনার মতো নকলেরও ধরন বদলেছে

করোনার মতো নকলেরও ধরন বদলেছে

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, করোনার ভেরিয়েন্টের মতো এখন নকলেরও নানা ভেরিয়েন্ট হয়েছে; ডিজিটাল নকল। তিনি উল্লেখ করেন, ছেলেমেয়েরা যদি নকল করতে চায়, সেটি তাদের দুর্বলতা নয় বরং শিক্ষকদের দুর্বলতা। মন্ত্রী নতুন নকলের ধরন মোকাবিলার জন্য শিক্ষকদের দায়িত্ব পালনের ওপর গুরুত্ব আরোপ করেন।

সোমবার (১৩ এপ্রিল) দুপুরে যশোর শিক্ষাবোর্ড ও খুলনা বিভাগের মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবদের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। তিনি বলেন, এক মুরগি তিনবার জবাই করা যাবে না এবং শিক্ষাক্ষেত্রে একবারই রেজিস্ট্রেশন করতে হবে। এক ক্লাস থেকে অন্য ক্লাসে উঠতে নতুন করে ভর্তির বিষয়টি গুরুত্ব সহকারে দেখতে নির্দেশনা দেওয়া হয়েছে।

মন্ত্রী বলেন, আগামীর বাংলাদেশ গড়তে শিক্ষার কোনো বিকল্প নেই এবং প্রধানমন্ত্রী শিক্ষার প্রতি বিশেষ গুরুত্ব দিয়েছেন। তিনি উল্লেখ করেন, শিক্ষার উন্নয়নে কাজ করার জন্য সংসদে প্রশ্ন করার জন্য বিরোধীদলের এমপিদেরকে আমন্ত্রণ জানান।

মতবিনিময় সভায় যশোর শিক্ষা বোর্ডের চেয়ার প্রফেসর ড. মোসাম্মৎ আসমা বেগমের সভাপতিত্বে বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। নার্গিস বেগম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান একটি আধুনিক শিক্ষিত জনগোষ্ঠী গড়ে তুলতে চান এবং সে লক্ষ্যে কাজ করতে হবে।

সভায় আরও উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য মতিউর রহমান, যশোর-৫ আসনের সংসদ সদস্য গাজী এনামুল হক, যশোর-৬ আসনের সংসদ সদস্য মোক্তার আলী, নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু, বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য আব্দুল আলিম এবং সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জি এম নজরুল ইসলাম।

সভায় কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী রুহুল আমিন ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মিয়া নুরুল হকও বক্তব্য রাখেন।

আরও পড়ুন